ঈশ্বরদীর পদ্মায় নৌকা থেকে পড়া যুবকের লাশ ২০ ঘণ্টা পর উদ্ধার
ইদের আনন্দ উপভোগ করতে পাবনার ঈশ্বরদীর পাকশীতে নৌকা ভ্রমণে এসে পদ্মা নদীতে নৌকা থেকে পড়ে যাওয়া রিফাত হাসান রক্তিম নামের এক যুবকের লাশ ২০ ঘণ্টা পর উদ্ধার করেছে ডুবুরি দল। শনিবার (৩০ মে) বেলা ১২টার দিকে পদ্মা নদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতুর মাঝ বরাবর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই যুবকের নাম রিফাত হাসান রক্তিম (৩৫)। তিনি পাবনা পৌরসভার দিলালপুর এলাকার জাকির হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে পদ্মা নদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজের নিচে নৌকা ভ্রমণে বের হন কয়েকজন যুবক। চলন্ত নৌকায় দাঁড়িয়ে ভারসাম্য রাখতে না পেরে হঠাৎ রক্তিম পানিতে পড়ে যায়। ঘটনার আকস্মিকতায় রক্তিমকে বাঁচাতে নৌকায় থাকা অপর দুই বন্ধুও নদীতে ঝাঁপ দেয়। এক পর্যায়ে আশেপাশের লোকজন ও মাঝির প্রচেষ্টায় ২ জনকে জীবিত উদ্ধার করা গেলেও রক্তিমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। নৌকার মাঝি তার নাম প্রকাশ না করার শর্তে বলেন, ১ হাজার টাকায় ঘণ্টা চুক্তিতে কয়েকজন যুবক তার নৌকাটি ভাড়া করেন। নদীতে নৌকা ভ্রমণ করার সময় তারা নৌকায় বসে ‘আনন্দ ফুর্তি’ করছিল। এক পর্যায়ে তারা নেশাগ্রস্ত হয়ে পড়ে।
এসময় হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। সে সময় নৌকায় দাঁড়িয়ে থাকা অবস্থায় এক যুবক ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যায়। পরে তার দুই বন্ধু ঝাঁপ দিয়ে নদীতে নেমে পড়ে যাওয়া বন্ধুকে খোঁজার চেষ্টা করে। নদীতে প্রবল স্্েরাতের কারণে তিন বন্ধুই নদীতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন নৌ পুলিশ সদস্যরা দুজনকে জীবিত উদ্ধার করেন। লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম জানান, কয়েকজন যুবক নৌকা ভাড়া করে নদীতে ঘুরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পাওয়ার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। রাজশাহী থেকে ডুবুরি দল এসে নদীতে অনুসন্ধান করে নিখোঁজ যুবক রক্তিমের লাশ ২০ ঘন্টা পর উদ্ধার করেন।