চাঁপাইনবাবগঞ্জে ২৩৪৬১৭ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
চাঁপাইনবাবগঞ্জে আগামী ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। ওইদিন জেলার ২ লাখ ৩৪ হাজার ৬১৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। তার মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ৭০৮ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৫ হাজার ৯০৯ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০ টায় চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিসে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান, সিভিল সার্জন ডা. এ কে শাহাব উদ্দীন।
তিনি আরো জানান, আগামী ২৮ জুন সারাদেশে একযোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্য়ন্ত চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ২০৪টি টিকা কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ৭০৮ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৫ হাজার ৯০৯ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য ৮৮ জন স্বাস্থ্যকর্মী , ১৭৯ জন পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী এবং ২ হাজার ৪১২ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবে।
সিভিল সার্জন বলেন, ২৮ জুন কোনো শিশু যদি অসুস্থ থাকে তবে তাদের ভিটামিন খাওয়ানো হবে না। সুস্থ হয়ে গেলে পরবর্তী ১০ দিনের মধ্যে নির্ধারিত টিকাদান কেন্দ্রে খাওয়ানো হবে। এছাড়া যারা ইতোমধ্যে হামের কারণে এই টিকা খেয়েছে তাদেরকে ২৮ জুন ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে না।
ব্রিফিংয়ে ভিটামিন ‘এ’ প্লাসের গুণাগুণ তুলে ধরেন। সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ড. রাকিবুল ইসলাম। এসময় সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজির আহমেদ, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ, নাচোল উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারহানা নবী উপস্থিত ছিলেন।