রাজশাহীর কালুর মোড়ে বাড়িতে ঢুকে দম্পতিকে মারধরের অভিযোগ
রাজশাহী মহানগরের শাহমখদুম থানাধীন ভুগরইল কালুর মোড় এলাকায় বসতবাড়িতে ঢুকে এক ব্যক্তিকে মারধর ও তাঁর স্ত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. শাহাবুদ্দিন (৩২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বুধবার (২৪ জুন) বিকেলে শাহমখদুম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, শাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে ভুগরইল কালুর মোড় এলাকায় নিজ বাড়িতে বসবাস করে আসছেন। তাঁর অভিযোগ, একই এলাকার কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে বিভিন্ন ধরনের অন্যায় আচরণ ও অত্যাচার করে আসছিলেন। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে মীমাংসার চেষ্টা করা হলেও বিবাদী পক্ষ তাতে কোনো কর্ণপাত করেনি। লিখিত অভিযোগে শাহাবুদ্দিন উল্লেখ করেন, গত ২১ জুন রাত আনুমানিক ৯টার দিকে কয়েকজন ব্যক্তি তাঁর বাড়িতে গিয়ে তাঁকে ভয়ভীতি প্রদর্শন করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। তিনি গালিগালাজ করতে নিষেধ করলে তাঁরা ক্ষিপ্ত হয়ে তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। একপর্যায়ে একজনের হাতে থাকা আমগাছের ডাল দিয়ে তাঁর মাথা লক্ষ্য করে আঘাত করা হয়। এতে তাঁর কপালের ওপর গুরুতর কাটা ও রক্তাক্ত জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শাহাবুদ্দিন আরও অভিযোগ করেন, আঘাতে তিনি মাটিতে পড়ে গেলে তাঁকে আবারও ডাল দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারধর করা হয়। এ সময় তাঁর স্ত্রী তাঁকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও মারধর করা হয় এবং পরনের কাপড় টেনে ছিঁড়ে শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগে বলা হয়েছে। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
অভিযোগে মিলন, সুমন, সাইফসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আরও দুই থেকে তিনজন অজ্ঞাত ব্যক্তির জড়িত থাকার অভিযোগ করা হয়েছে। ঘটনার বিষয়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি জানেন বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে বিবাদী পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁরা কোনো বক্তব্য দিতে রাজি হননি।
এবিষয়ে শাহমখদুম থানার তদন্ত কর্মকর্তা এসআই আমিনুল ইসলাম বলেন, “অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”