শনিবার, আগস্ট ২২, ২০২৬

‘মাদক কারবারীরা দেশ ও সমাজের শত্রু’- ভূমিমন্ত্রী মিনু

নিজস্ব প্রতিবেদক: ২৬ জুন ২০২৬ ০৯:০৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক: ২৬ জুন ২০২৬ ০৯:০৩ অপরাহ্ন
‘মাদক কারবারীরা দেশ ও সমাজের শত্রু’- ভূমিমন্ত্রী মিনু

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, ‘মাদকের ভয়াবহ ছোবলে অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে। অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। মাদক কারবারীরা দেশ, জাতি ও সমাজের শত্রু। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।’ শুক্রবার বেলা ১১টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী অঞ্চলে বাইরে থেকে মাদক আসে। বিশেষ করে সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচার করা হয়। সীমান্ত লাগোয়া অনেক মাদক কারবারী অবৈধভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছে। তিনি বলেন, ‘শুধু মাদক বহনকারীদের ধরলে হবে না, যারা এই মাদকের সঙ্গে জড়িত, প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। যাতে তারা দ্রুত জামিন পেয়ে আবার মাদক কারবারে জড়াতে না পারে, সেদিকেও খেয়াল রাখতে হবে।’


মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, মাদক শুধু আইন প্রয়োগের মাধ্যমে দমন করা সম্ভব নয়। সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সামাজিকভাবেও মাদক কারবারীদের বয়কট করতে হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন।


দ্রুত অ্যাকশনে যান। এই সমাজে মাদক ব্যবসায়ীদের ঠাঁই হবে না।’ তিনি সংশ্লিষ্ট সব দপ্তরকে নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে কঠোর ভূমিকা রাখার আহ্বান জানান। ভূমিমন্ত্রী আরও বলেন, একসময় এসিড নিক্ষেপের ঘটনা অনেক মানুষের জীবন ধ্বংস করেছিল। কিন্তু সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এসিড সন্ত্রাস কমে এসেছে। একইভাবে সম্মিলিত প্রচেষ্টায় সমাজ থেকে মাদকও দূর করা সম্ভব হবে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির, রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো. এরশাদ আলী ঈশা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।