আসামির দায়ের কোপে ২ পুলিশ কর্মকর্তা আহত
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পরোয়ানাভুক্ত আসামির দায়ের কোপে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় হামলার শিকার হন তারা।
আহত পুলিশ কর্মকর্তারা হলেন- হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল লতিফ।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার গেন্দুকুড়ি গ্রামের বেলাল হোসেনের ছেলে রাশেদুল ইসলাম ওরফে রাশেদের বিরুদ্ধে চুরিসহ নানা অপরাধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করতে অভিযান চালান এসআই রুহুল আমিন ও এএসআই আব্দুল লতিফ। এ সময় রাশেদুল দুই পুলিশ কর্মকর্তাকে দা দিয়ে কুপিয়ে পালিয়ে যান।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে এসআই রুহুল আমিনকে উন্নত চিকিৎসার জন্য রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার (২৭ জুন) সকালে তাকে বেসরকারি হাসপাতাল রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে (ডক্টরস ক্লিনিক) ভর্তি করা হয়।
লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, “পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলায় দুইজন কর্মকর্তা আহত হয়েছেন। রুহুলকে রংপুর ডক্টরস ক্লিনিকে নেওয়া হয়েছে অপারেশন করতে। আহতদের চিকিৎসার খোঁজ নেওয়া হচ্ছে। আইগত ব্যবস্থা নেওয়া হবে।”
তথ্যসূত্র: রাইজিংবিডি