শনিবার, আগস্ট ২২, ২০২৬

ঈশ্বরদীতে চলন্ত ট্রেন থেকে ১০ লাখ টাকার হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

ঈশ্বরদী প্রতিনিধি ২৭ জুন ২০২৬ ১১:১৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী প্রতিনিধি ২৭ জুন ২০২৬ ১১:১৮ অপরাহ্ন
ঈশ্বরদীতে চলন্ত ট্রেন থেকে ১০ লাখ টাকার হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীতে আন্ত:নগর চলন্ত ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেলওয়ে ডিবি পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।


রেলওয়ে ডিবি পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহী থেকে ঢাকাগামী আন্ত:নগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায় পুলিশ। এ সময় ট্রেনের ‘জ’ বগির ৭৬ ও ৭৭ নম্বর আসনে বসা এক দম্পতির আচরণ সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করা হয়। তল্লাশির সময় কাজল আহম্মেদের প্যান্টের পকেট থেকে ৫০ ও তার স্ত্রীর ভ্যানিটি ব্যাগ থেকে ৫০ গ্রামসহ মোট ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য দশ লাখ টাকা বলে জানায় রেলওয়ে গোয়েন্দা পুলিশ। পরে জব্দ করা হেরোইনসহ তাদের ঈশ্বরদী রেলওয়ে থানায় হস্তান্তর করা হয় ও তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।


ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, গ্রেপ্তার মাদক ব্যবসায়ী দম্পতিকে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।