গোদাগাড়ীতে আদিবাসীদের মাঝে ভেড়া বিতরণ
রাজশাহীর গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নের অসচ্ছল আদিবাসী পরিবারের সদস্যদের মধ্যে বিনামূল্যে ভেড়া বিতরণ করা হয়। শনিবার (২৭ জুন) দুপুর সাড়ে তিনটার দিকে আনুষ্ঠানিকভাবে কাকন বহুমুখি উন্নয়ন সংস্থা (কাবিউস) এর আয়োজনে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় ডহরলঙ্গী গ্রামের আদিবাসী পরিবারের মধ্যে দুইটি করে মোট ২৬টি ভেড়া প্রদান করা হয়।
এছাড়া একই ইউনিয়নের চৈতন্যপুর ভিকারপাড়া গ্রামের মোট ১২টি পরিবারের মধ্যে ২৪টি ভেড়া প্রদান করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাবিউসের নির্বাহী পরিচালক মধুসুদন মৈত্র। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহজাহান, দেওপাড়া ইউপি সংরক্ষিত আসনের নারী সদস্য হাসমত আরা, আদিবাসী নেতা জন কিস্কু ও কাবিউস সংস্থার সহকারী পরিচালক দেলোয়ার হোসেন রিপনসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মী ও সুবিধাভোগি আদিবাসী জনগণ উপস্থিত ছিলেন।