শনিবার, আগস্ট ২২, ২০২৬

নেশার টাকা না পেয়ে কলেজছাত্রের আত্মহত্যা

পার্বতীপুর প্রতিনিধি ২৮ জুন ২০২৬ ১২:৫৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পার্বতীপুর প্রতিনিধি ২৮ জুন ২০২৬ ১২:৫৯ অপরাহ্ন
নেশার টাকা না পেয়ে কলেজছাত্রের আত্মহত্যা

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় নেশার টাকা না পেয়ে হাদিদ আলবাব স্মরণ (২২) নামে এক কলেজছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (২৭ জুন) দুপুর আনুমানিক আড়াইটার দিকে পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের ভবের বাজার এলাকার গোবিন্দপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। জানা গেছে, হাদিদ আলবাব স্মরণ ওই গ্রামের মাসুদ ফরহাদ পাপন আলীর ছেলে। সে দিনাজপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, হাদিদ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। নেশা করার জন্য সে প্রায়ই পরিবারের সদস্যদের কাছে টাকা চাইতো। টাকা না পেলে নিজের শরীরে আঘাত করে রক্তাক্ত করতো এবং বাড়ির বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করতো।

শনিবার সকালে সে নেশার টাকার জন্য পরিবারের ওপর চাপ সৃষ্টি করে। টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে বাড়িতে ভাঙচুর চালানোর পর নিজের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। দীর্ঘ সময় ধরে সে ঘর থেকে বের না হওয়ায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান।

পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে।