নাটোরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
নাটোরে প্রায় আড়াই লাখ শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নিয়ে শুরু হয়েছে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন। রোববার (২৮ জুন) সকালে শহরের বঙ্গজ্জল এলাকায় রানী ব্রজসুন্দরী উপস্বাস্থ্য কেন্দ্রে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, সিভিল সার্জন মুহাম্মদ মশিউর রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব সুজিৎ দেবনাথসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ।
এবিষয় নাটোরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান জানান, জেলার ৭টি উপজেলায় দুই লাখ ৪৮ হাজার ৫৯৫ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। যার মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৫৯২ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ২৩ হাজার ৩৩ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
জেলার মোট এক হাজার ৩৮৮টি কেন্দ্রে ১৪২ জন স্বাস্থ্য সহকারী, ১৯৬ জন কমিউনিটি হেল্থ প্রোভাইডার, ২৩৩ জন পরিবার কল্যাণ সহকারী ও ২ হাজার ৭৭৬ জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে এই কর্মসুচি বাস্তবায়ন করা হবে।