পদ্মায় গোসল গিয়ে হামলার শিকার রুয়েটের তিন শিক্ষার্থী
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) যন্ত্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থী পদ্মা নদীতে গোসল করতে গিয়ে স্থানীয় কয়েকজনের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত তিন শিক্ষার্থী চিকিৎসা গ্রহণের পাশাপাশি বোয়ালিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, শনিবার (২৭ জুন) দুপুর ২টার দিকে যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী মীর সজিব, আশিকুর রহমান ও আজমাইন পদ্মা নদীর তালাইমারী এলাকায় গোসল করতে যান। প্রায় ২টা ৪৫ মিনিটের দিকে নদীর তীরে এক কিশোরকে মাছ ধরার জাল টানতে দেখে তাকে সহায়তা করার উদ্দেশ্যে এগিয়ে যান তারা। এ সময় কয়েকজন ব্যক্তি তাদের কাপড় রাখা ব্যাগ তল্লাশি করতে শুরু করেন এবং তাদের ডাক দেন। বিষয়টি জানতে গেলে কোনো ধরনের বাকবিতণ্ডা ছাড়াই মীর সজিবকে মারধর শুরু করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
সজিবকে রক্ষা করতে এগিয়ে গেলে আশিকুর রহমান ও আজমাইনকেও মারধর করা হয়। একপর্যায়ে আরও ৮ থেকে ১০ জন ঘটনাস্থলে এসে হামলায় অংশ নেয়। এতে তিনজনই গুরুতর আহত হন। সজিব ও আশিকুর কোনোভাবে সেখান থেকে বের হতে সক্ষম হলেও আজমাইন কিছু সময় ঘটনাস্থলেই আটকে ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
হামলায় আহতদের মধ্যে আশিকুর রহমান এক কানে শ্রবণ সমস্যার কথা জানিয়েছেন। মীর সজিবের চোখের নিচে আঘাত লেগেছে এবং আজমাইনের হাতে ভাঙনের (ফ্র্যাকচার) আশঙ্কা রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এছাড়া তিনজনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আহত সজিব ও আজমাইনকে ঘটনার দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমা মুস্তারী বলেন, এই বিষয়ে শুনেছি। অভিযোগ পাওয়ার পরপরই আমার কর্মকর্তাসহ একটি পুলিশ টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।