আত্রাইয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু
নওগাঁর আত্রাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে । জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে রোববার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম, আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. তরিকুল ইসলাম, প্রধান সহকারী শাহী আলম,এমটি (ইপিআই) রিয়াজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়নের ১৯৩টি কেন্দ্রে একযোগে এই ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। এবার উপজেলায় মোট ২৫ হাজার ৫৫৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৬ থেকে ১১ মাস বয়সী ২ হাজার ২৮৪ জন শিশু নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৩ হাজার ২৭৪ জন শিশু উচ্চ ক্ষমতাসম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
এ কার্যক্রম বাস্তবায়নে মোট ৩৮৬ জন স্বেচ্ছাসেবী সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে কাজ করছেন। ক্যাম্পেইন সফল করতে এবং কোনো শিশু যাতে বাদ না পড়ে সে লক্ষ্যে এলাকাভিত্তিক মাইকিংয়ের মাধ্যমে অভিভাবকদের নিকটস্থ কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।