কেশরহাটে র্যাবের অভিযানে জাল টাকাসহ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১
মোহনপুর উপজেলার কেশরহাট বাজারে অভিযান চালিয়ে ৯৭ হাজার টাকার জাল নোট ও ৩৮৭ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এ সময় লাল গোলাপ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের কর্মচারী নাইমুলকে গ্রেফতার করা হয়। তবে সমিতির মালিক রাজু পলাতক রয়েছেন।
রোববার (২৮ জুন) সন্ধ্যার দিকে কেশরহাট বাজারের পূর্ব পাশে মচমইল রোড এলাকায় অবস্থিত সমিতির কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সমিতির কার্যালয় থেকে ৯৭ হাজার টাকার জাল নোট এবং ৩৮৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন র্যাবের স্কোয়াড লিডার নুরুল ইসলাম।
গ্রেফতারকৃত নাইমুলকে উদ্ধারকৃত আলামতসহ মোহনপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও জাল নোট সংক্রান্ত প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এদিকে, সমিতির মালিক কেশরহাট পৌর এলাকার সাজ্জাদ মাস্টারের ছেলে রাজু পলাতক রয়েছেন। তিনি দীর্ঘদিন যাবত এধরনের কার্যক্রম চালিয়ে আসছেন। তাকে গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।