ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হলের সিট দখলের অভিযোগ রাবি ছাত্রশিবিরের
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে আবাসিক হলগুলোতে অবৈধভাবে সিট দখলের অভিযোগ এনেছে শাখা ইসলামি ছাত্রশিবির। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আয়োজিত এক মানববন্ধনে এই অভিযোগ জানায় সংগঠনটি।
সিট দখলের অভিযোগ এনে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩ দফা দাবিও জানায় সংগঠনটির নেতারা। দাবিগুলো হলো- যেসব শিক্ষার্থী অবৈধভাবে হলে অবস্থান করছে তাদের সিট বাতিল করা এবং প্রয়োজন হল প্রশাসনের মাধ্যমে অনুসন্ধান চালিয়ে শূন্য আসন দখলমুক্ত করা; শূন্য আসনের সংখ্যা উল্লেখ করে বিজ্ঞপ্তি দেওয়া এবং সেই সাথে ওয়েটিং লিস্ট প্রকাশ করতে হবে। দুই এলোটমেন্টের মধ্যবর্তী সময়ে উক্ত ওয়েটিং লিস্ট অনুযায়ী সিট বণ্টন করতে হবে; সিট বণ্টন প্রক্রিয়া সেন্ট্রালাইজড করে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে যেন বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী ওয়েবসাইটে গিয়ে সবকিছু পর্যবেক্ষণ করতে পারে।
মানববন্ধনে ‘ফাঁকা সিটের সংখ্যা প্রকাশ করতে হবে’, ‘ছাত্রদল, ছাত্রলীগ হতে চাও?’, ’আদু ভাইয়ের আদু ভাইয়েরা হল ছাড়বে কবে?’সহ বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে সংগঠনটির নেতাকর্মীরা।
এসময় সোহরাওয়ার্দী হল সংসদের ভিপি কাওসার হাবিব বলেন, “আমার হলে প্রথম বর্ষের দুইজন শিক্ষার্থীকে বিভিন্ন ভাইয়ের নামে হলে রাখা হয়েছে। প্রথম বর্ষের একজন শিক্ষার্থী কীভাবে হলে সিট পায় এটি আমাদের বোধগম্য হয়নি। এছাড়া শহীদ শামসুজ্জোহা হলে মাস্টার্স শেষ করা একজনকেও প্রভোস্টের মাধ্যমে হলে রাখা হয়েছে।”
শাখা শিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক মেহেদী সজিব বলেন, “শিক্ষার্থীদের নিয়ে রাজনীতি করুন, তবে ছাত্রলীগের মতো সিট দখল, সিট বাণিজ্য বা টেন্ডারবাজির রাজনীতি ক্যাম্পাসে ফিরিয়ে আনার চেষ্টা করবেন না। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত শান্তিপূর্ণ ক্যাম্পাস পরিবেশ কোনো সংগঠনের কারণেই নষ্ট হতে দেওয়া হবে না।”
শাখা শিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, “চব্বিশ পরবর্তী সময়ে ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করার মাধ্যমে সিট বাণিজ্য ও গেস্টরুম কালচারের কবর রচিত হয়েছিলো। কিন্তু আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করছি নতুন করে সরকার দলীয় ছাত্রদল আবারও হল গুলো দখলের পায়তারা চালাচ্ছে, আবারও গেস্টরুম কালচার ফিরিয়ে আনার চেষ্টা করছে।”
রাবি শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক হাফেজ মেহেদী হাসান মানববন্ধনটি সঞ্চালনা করেন। এসময় শাখা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।