শনিবার, আগস্ট ২২, ২০২৬

ঈশ্বরদীতে শিক্ষক নির্যাতনকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

ঈশ্বরদী প্রতিনিধি ২৯ জুন ২০২৬ ১০:২৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী প্রতিনিধি ২৯ জুন ২০২৬ ১০:২৮ অপরাহ্ন
ঈশ্বরদীতে শিক্ষক নির্যাতনকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

পাবনার ঈশ্বরদীতে এক শিক্ষার্থীকে পড়া না পারায় ধমক দিয়ে শাসন করার অজুহাতে তিন নারী শিক্ষককে স্কুলে গিয়ে সন্ত্রাসী হামলা চালিয়ে প্রকাশ্যে পিটিয়ে আহত করার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে উত্তাল অবস্থার সৃষ্টি হয়েছে। 

সোমবার (২৯ জুন) উপজেলার চরকুড়ুলিয়ায় গ্রামে শত শত শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করে আসামীদের আগামী ৭ দিনের মধ্যে গ্রেপ্তার করা না হলে ঈশ্বরদীজুড়ে বৃহত্তর শিক্ষক আন্দোলন ও থানা ঘেরাও কর্মসূচীর ঘোষণা দিয়েছে।

সোমবার সকালে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম চরকুড়ুলিয়া আলহাজ্ব মোড় এলাকায় ঘন্টাব্যাপী আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক, কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এ সময় মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, আন্তঃউপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মজিবুর রহমান, বাঁশেরবাদা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আব্দুল হামিদ শিপু, সমাজসেবক আনোয়ার হোসেন ঠান্ডু, মর্নিংষ্টার একাডেমীর পরিচালক আব্দুল মমিন, সানমুন ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ তোফায়েল আহমেদ, সোনার বাংলা মডেল একাডেমীর পরিচালক বি এম তোফায়েল আহমেদ, শিক্ষক মজিবুর রহমান, আরিফ প্রামানিক প্রমুখ। 

বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। একটি বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষাদানে অনেক সময় শাসনের প্রয়োজন হয়। অথচ সেই শিক্ষকরা শিক্ষার্থীদের শাসন করায় তাদের ওপর সন্ত্রাসী হামলা ও নির্যাতনের ঘটনা দুঃখজনক। 

বক্তারা বলেন, ঈশ্বরদীতে সেলিম রেজা বিদ্যানিকেতনে শিক্ষককে পিটিয়ে আহত করার যে ঘটনা ঘটেছে তা অত্যান্ত  দুঃখজনক ও শিক্ষকদের জন্য লজ্জার বিষয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করার পরও আসামীদের গ্রেপ্তার করছে না পুলিশ। 

অবিলম্বে আসামীদের গ্রেপ্তার করা না হলে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষনা করবে বলে মানববন্ধনে জানানো হয়। 

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ঈশ্বরদী উপজেলার চরকুড়ুলিয়া গ্রামের সেলিম রেজা আদর্শ বিদ্যানিকেতনে এক শিক্ষার্থীকে শাসন করার জের ধরে প্রতিষ্ঠানটির তিন শিক্ষিকাকে মারধর করেন ওই শিক্ষার্থীর মামা উজ্জল হাসেন মাল ও মামাতো ভাই বাসির মালসহ কয়েকজন। এ ঘটনায় গত শুক্রবার থানায় মামলা দায়ের করা হলেও এখনো আসামীদের গ্রেপ্তার করেনি পুলিশ। এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ বলেন, আসামীরা পলাতক তাছাড়া এলাকাটি উপজেলার প্রত্যন্ত গ্রামে হওয়ায় আসামীদের এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।