নগরীতে পৃথক অভিযানে ৬ মাদক কারবারি গ্রেপ্তার
রাজশাহী নগরীতে পৃথক অভিযানে ৬জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ হাড়ুপুর বাগানপাড়ার ভাটার মাঠ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত আসামি হলেন, নগরীর কাশিয়াডাঙ্গা থানার পূর্ব রায়পাড়া (চালনা সাঁকো) এলাকার মৃত স্বপনের ছেলে মো. আবুল হোসেন (৫২)। পলাতক আসামি হলেন কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া গ্রামের মৃত রইচ উদ্দিন শেখের ছেলে মো: হানিফ (৬২)সহ অজ্ঞাতনামা আরও ১ জন।
রোববার (২৮ জুন) বিকেল আনুমানিক ৫টায় কাশিয়াডাঙ্গা থানা পুলিশের পরিচালিত অভিযানে হাড়ুপুর বাগানপাড়া এলাকার ভাটার মাঠ থেকে আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের সময় হানিফসহ আরও একজন অজ্ঞাতনামা আসামি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামির দেহ তল্লাশি এবং তার ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিক্সা তল্লাশি করে ১ হাজার ৪শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত উক্ত ব্যাটারিচালিত অটোরিক্সাটি ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে উদ্ধারকৃত মাদকের উৎস উদ্ঘাটন, পলাতক আসামিকে গ্রেপ্তার এবং ঘটনায় জড়িত অজ্ঞাত আরও একজনের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে বোয়ালিয়া, রাজপাড়া, চন্দ্রিমা ও দামকুড়া থানা পুলিশ পৃথক পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে নারীসহ ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামি হলেন, বোয়ালিয়া থানার তালাইমারী গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মো: রবি (৪৫); রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া গ্রামের মো: রফিকুল ইসলামের স্ত্রী মোছা: জলি (৪০); রাজপাড়া থানার তেরখাদিয়া উত্তর কলেজপাড়া গ্রামের মো: কবির হোসেনের ছেলে মো: জাহিদ (২৪); বোয়ালিয়া থানার বালিয়া পুকুর গ্রামের মো: নুরুল ইসলামের ছেলে মুহাম্মদ ইব্রাহিম খলিল (৪০) এবং দামকুড়া থানার সোনাইকান্দি মধ্যপাড়া গ্রামের মো: নুরুল ইসলামের ছেলে মো: লাল মোহাম্মদ ওরফে উপহার (৩৫)। সকলেই রাজশাহী মহানগরীর বাসিন্দা।
শনিবার (২৭ জুন) রাত আনুমানিক পৌনে ১২টার দিকে বোয়ালিয়া থানার খরবোনা বাজে কাজলা এলাকা থেকে রবিকে, একই দিন রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রাজপাড়া থানার দাশপুকুর ঈদগাহ মাঠের পশ্চিম পাশ থেকে জলিকে, রাত আনুমানিক সোয়া ১০টার দিকে রাজপাড়া থানার তেরখাদিয়া কলেজপাড়া এলাকা থেকে জাহিদকে এবং একই তারিখ চন্দ্রিমা থানার জামালপুর গ্রাম থেকে খলিলকে আটক করা হয়। এছাড়া রোববার (২৮ জুন) বিকেল আনুমানিক সোয়া ৬টার দিকে দামকুড়া থানার সোনাইকান্দি মধ্যপাড়া এলাকা থেকে লাল মোহাম্মদকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে মোট ৬৫ পিস ইয়াবা, ১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৮.২ গ্রাম হেরোইন এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির নগদ ৮ হাজার ৩৪০টাকা জব্দ করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি জলির বিরুদ্ধে আরএমপির রাজপাড়া থানায় ১৬টি মাদক মামলা চলমান রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।