শনিবার, আগস্ট ২২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ক্লিনিকে শেয়ার রাখার অভিযোগে ৫ চিকিৎসক বদলি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ৩০ জুন ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ৩০ জুন ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে ক্লিনিকে শেয়ার রাখার অভিযোগে ৫ চিকিৎসক বদলি

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশীদ। পরিদর্শন শেষে তিনি দাবি করেন, সরকারি হাসপাতালে কর্মরত থেকেও হাসপাতালের সামনের একটি বেসরকারি ক্লিনিকে শেয়ার (মালিকানা) রেখে সেখানে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগের তদন্তে সত্যতা পাওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় পাঁচজন চিকিৎসককে বদলি করেছে।


সোমবার (২৯ জুন) দুপুরে জেলা হাসপাতাল পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।


হারুনুর রশীদ বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি সরেজমিনে এসে সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পেয়েছে। তাঁর দাবি, অভিযোগকারী ব্যক্তিদের মধ্যেও জামায়াতের কর্মী-সমর্থক ছিলেন।


তিনি বলেন, সরকারি চিকিৎসকদের বেসরকারি ক্লিনিকে প্র্যাকটিস করার বিষয়ে নীতিগতভাবে আপত্তি নেই। তবে সরকারি দায়িত্ব পালনকালে হাসপাতালের ১০০ গজের মধ্যে অবস্থিত একটি বেসরকারি ক্লিনিকে নিয়মবহির্ভূতভাবে চিকিৎসাসেবা দেওয়া এবং সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। তদন্ত দল সরেজমিনে গিয়ে কয়েকজন চিকিৎসককে হাসপাতালের পরিবর্তে ওই ক্লিনিকে রোগী দেখার সময় পেয়েছিল বলেও দাবি করেন তিনি।


জেলা পরিষদের প্রশাসক জানান, সরকারি হাসপাতালে কর্মরত অবস্থায় ক্লিনিকে শেয়ার থাকার বিষয়ে তাঁর কাছেও লিখিত অভিযোগ এসেছিল। পরে তিনি বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠান। এরপর একজন যুগ্ম সচিবের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থলে তদন্ত পরিচালনা করে।


তিনি আরও জানান, বদলি হওয়া পাঁচ চিকিৎসকের মধ্যে দুজন সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় তাঁদেরও অন্যত্র পদায়ন করা হয়েছে। কারণ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ওই পদে কর্মস্থলের সুযোগ নেই।


এর আগে হাসপাতাল পরিদর্শনের সময় হারুনুর রশীদ হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ এবং বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। তিনি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান, ওষুধ প্রাপ্তি, পরীক্ষা-নিরীক্ষা এবং অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজ নেন।


পরিদর্শন শেষে হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন জেলা পরিষদের প্রশাসক। সভায় হাসপাতালের সার্বিক সেবার মান উন্নয়ন, জনবল সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং সাধারণ মানুষের জন্য আরও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।


এ সময় তিনি বলেন, মানুষের দোরগোড়ায় উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। হাসপাতালে এসে কোনো রোগী যেন ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।


হাসপাতালের তত্ত্বাবধায়ক, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও), বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীরা পরিদর্শন ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।


তবে এ বিষয়ে বদলি হওয়া চিকিৎসকদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ও এখন পর্যন্ত পৃথকভাবে তদন্ত প্রতিবেদন বা বদলির কারণ সম্পর্কে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ডাক্তার জানান যথাযথ কতৃপক্ষ কয়েকজন ডাক্তার কে বদলি করেছেন এটা তাদের এখতিয়ার। 


এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের জামায়াতে ইসলামী মনোনীত এম পি নুরুল ইসলাম বলেন, একটা সুন্দর ব্যাবস্থাপনায় হাসপাতালটি চলছিল। এমতাবস্থায় সাবেক এমপি হারুনুর রশিদ প্রভাবে এসব ডাক্তারদের বদলি করা হয়েছে। তিনি আরও বলেন বিষয়টি মহান জাতীয় সংসদে পর্যন্ত উত্থাপন করেছেন।