শনিবার, আগস্ট ২২, ২০২৬

শহীদ ওসমান হাদির ৩৩তম জন্মদিন উপলক্ষে রাবিতে সেমিনার

রাবি প্রতিবেদক ৩০ জুন ২০২৬ ১১:১৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ৩০ জুন ২০২৬ ১১:১৫ অপরাহ্ন
শহীদ ওসমান হাদির ৩৩তম জন্মদিন উপলক্ষে রাবিতে সেমিনার

শহীদ শরীফ ওসমান হাদির ৩৩তম জন্মদিন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘কলম, সংস্কৃতি ও সিংহাসন: যুগে যুগে ক্ষমতার লড়াইয়ে সাংস্কৃতিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ডীনস কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।


সেমিনারে সভাপতির বক্তব্যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ বলেন, পাঠচর্চা ও সংস্কৃতির মধ্য দিয়ে সমাজে পরিবর্তন আসে। পড়ার মাধ্যমেই সংস্কৃতির পরিবর্তন হবে, আর সংস্কৃতির মধ্য দিয়েই ক্ষমতার রূপান্তর ঘটবে। ওসমান হাদির রাজনৈতিক ও সাংস্কৃতিক অবস্থান ছিল মানুষের সঙ্গে সম্পৃক্ত।


প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব বলেন, কলম ও সংস্কৃতি সমাজে বয়ান নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ক্ষমতার কাঠামোর সঙ্গে এর গভীর সম্পর্ক রয়েছে। তিনি ওসমান হাদিকে সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে উল্লেখ করে বলেন, “সবচেয়ে সুন্দর মানুষগুলো সাধারণভাবেই অসাধারণ।” তিনি তরুণদের সামাজিক ও সাংস্কৃতিক প্রশ্নে সচেতন হওয়ার আহ্বান জানান।


অনুষ্ঠানে সাবেক ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম কনক, জনসংযোগ দপ্তরের সাবেক প্রশাসক অধ্যাপক ড. মো. আখতার হোসেন মজুমদার, রাকসু’র ভিপি মোস্তাকুর রহমান জাহিদসহ বিভিন্ন বিভাগের বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সেমিনারটি সঞ্চালনা করেন রাকসুর সাংস্কৃতিক বিষয়ক সহ-সম্পাদক রাকিবুল ইসলাম।