শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাজশাহীতে গণপরিবহন ও পরিবহন টার্মিনালে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বিভাগীয় আলোচনা সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ৩০ জুন ২০২৬ ১১:১৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ৩০ জুন ২০২৬ ১১:১৭ অপরাহ্ন
রাজশাহীতে গণপরিবহন ও পরিবহন টার্মিনালে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বিভাগীয় আলোচনা সভা অনুষ্ঠিত

গণপরিবহন ও পরিবহন টার্মিনালে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধনী) আইন, ২০২৬ কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী বিভাগে পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দকে সম্পৃক্ত করে ডেভলপমেন্ট এ্যাকটিভিটিস অব সোসাইটি (ডাস) ও বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা)’র আয়োজনে এবং তামাক বিরোধী জোটের সদস্য সংগঠন লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস), এর সহযোগিতায়ি নগরীরি রানীবাজারস্থ এস,কে ফুড ওয়ার্ল্ড কনফারেন্স রুমে “বিভাগীয় পর্যায়ে গণপরিবহন ও পরিবহন টার্মিনালে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সম্পৃক্তকরণ বিষয়ক আলোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে।


সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর রাজশাহী বিভাগের বিভাগীয় পরিচালক জনাব পার্কন চৌধুরী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, গণপরিবহন খাতে তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকরভাবে বাস্তবায়নের জন্য বিআরটিএর প্রশিক্ষণ কার্যক্রমে তামাক নিয়ন্ত্রণ বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট পরিবহন মালিক, শ্রমিক ও অন্যান্য অংশীজনকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে এবং আইন বাস্তবায়ন আরও জোরদার করতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার জন্য অনুরোধ জানানো হবে।


সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের প্রতিনিধি মুঈদুর রহমান মঈদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেডিস অর্গানাইজেশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার(লফস)-এর নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন লাকি এবং রাজশাহী সিটি কর্পোরেশনের চিফ কমিউনিটি অফিসার আজিজুর রহমান।


সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেভেলপমেন্ট এক্টিভিটিস অফ সোসাইটি (ডাস্)-এর প্রজেক্ট ম্যানেজমেন্ট লিড কাজী মোহাম্মদ হাসিবুল হক। তিনি গণপরিবহন ও পরিবহন টার্মিনালে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধনী) আইন, ২০২৬-এর বিভিন্ন বিধান, বর্তমান বাস্তবায়ন পরিস্থিতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের করণীয় বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেন। তিনি ধূমপানমুক্ত গণপরিবহন ও পরিবহন টার্মিনাল নিশ্চিত করতে সরকারি সংস্থা, পরিবহন মালিক-শ্রমিক সংগঠন এবং নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।


মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণ করেন মহিলা কল্যাণ সমিতির পরিচালক মোসাম্মৎ রহিমা বেগম এবং সমতা নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোসাম্মাৎ আফসানা খাতুন। আলোচনায় অংশগ্রহণকারী বক্তারা গণপরিবহন ও পরিবহন টার্মিনালে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত তদারকি, কার্যকর মনিটরিং এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।


সভাটি সঞ্চালনা করেন লফস-এর প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট ফাহমিদা আহমেদ স্মৃতি। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন লফস-এর প্রোগ্রাম ম্যানেজার মোঃ সালাউদ্দিন রনি।


আলোচনা সভায় পরিবহন মালিক সমিতি, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, বিআরটিএ, রাজশাহী সিটি কর্পোরেশন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং তামাক নিয়ন্ত্রণে কাজ করা সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় গণপরিবহন ও পরিবহন টার্মিনালকে শতভাগ ধূমপানমুক্ত পরিবেশে পরিণত করতে সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগ, আইন প্রয়োগ এবং নিয়মিত মনিটরিং জোরদারের আহ্বান জানানো হয়।