শনিবার, আগস্ট ২২, ২০২৬

জয়পুরহাটের ‘আর্জেন্টিনা বাড়ি’, আছে মেসির বিশাল প্রতিকৃতিও

সোনার দেশ ডেস্ক ০১ জুলাই ২০২৬ ১১:০১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সোনার দেশ ডেস্ক ০১ জুলাই ২০২৬ ১১:০১ অপরাহ্ন
জয়পুরহাটের ‘আর্জেন্টিনা বাড়ি’, আছে মেসির বিশাল প্রতিকৃতিও
মেহেদী হাসান পুরো বাড়ি ও সীমানাপ্রাচীর রাঙিয়েছেন আর্জেন্টিনার পতাকার আকাশী-সাদা রঙে

ফুটবল টুর্নামেন্ট এলেই বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা চোখে পড়ে। তবে আর্জেন্টিনার প্রতি ভালোবাসার ব্যতিক্রমী প্রকাশ ঘটিয়েছেন জয়পুরহাটের আউশগাড়া ইনরাপাড়ার বাসিন্দা মেহেদী হাসান। তিনি নিজের পুরো বাড়ি ও সীমানাপ্রাচীর রাঙিয়েছেন আর্জেন্টিনার পতাকার আকাশী-সাদা রঙে। দেওয়ালে স্থান পেয়েছে ফুটবল তারকা লিওনেল মেসির বিশাল প্রতিকৃতিও।

সরেজমিনে দেখা যায়, দূর থেকেই নজর কাড়ে ‘আর্জেন্টিনা বাড়ি’ নামে পরিচিত এই বাড়িটি। তবে দেশের প্রতি ভালোবাসার প্রকাশ হিসেবে প্রবেশপথের বাম পাশে আঁকা হয়েছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা। বাড়ির বাকি অংশজুড়ে রয়েছে আর্জেন্টিনার পতাকার নকশা, ‘মে মাসের সূর্য’ এবং মেসির ছবি।

স্থানীয়দের ভাষ্য, ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহী মেহেদী। ২০০৬ সালের ফুটবল বিশ্বকাপ থেকে তিনি নিয়মিত বাড়িতে আর্জেন্টিনার পতাকা ওড়াচ্ছেন। এবার সেই ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে পুরো বাড়িটিকেই আর্জেন্টিনার রঙে সাজিয়েছেন।

মেহেদী হাসান জানান, ছোটবেলা থেকেই আর্জেন্টিনার প্রতি তার গভীর ভালোবাসা। সেই টান থেকেই বাড়িটি এভাবে সাজিয়েছেন। ম্যাচ উপলক্ষে কেক কাটা, র‌্যালি ও খাবারের আয়োজন করেছেন। পাশাপাশি গ্রামের অনেক সমর্থককে নিজের খরচে আর্জেন্টিনার জার্সিও উপহার দিয়েছেন।

একই গ্রামের ফয়সাল রহমান জয় বললেন, মেহেদী মামা আর্জেন্টিনাকে মনে-প্রাণে ভালোবাসেন। বাড়ি সাজানোর পাশাপাশি সমর্থকদের জার্সিও উপহার দিয়েছেন। তাদের বিশ্বাস প্রিয় দল এবারও শিরোপা জিতবে।

স্থানীয় বাসিন্দা আনিছুর রহমান মন্তব্য করেন, মেহেদীর ‘আর্জেন্টিনা বাড়ি’ দেখতে প্রতিদিন আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ ভিড় করছেন। ফুটবলের প্রতি তার এমন নিখাদ ভালোবাসা এলাকায় ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।- আগামীর সময়