শনিবার, আগস্ট ২২, ২০২৬

আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ০১ জুলাই ২০২৬ ১১:১৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০১ জুলাই ২০২৬ ১১:১৮ অপরাহ্ন
আরডিএ পার্ক ও রেস্ট হাউজের উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) উদ্যোগে নগরীর পদ্মা আবাসিক এলাকায় নির্মিত ‘আরডিএ পার্ক ও রেস্ট হাউজ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ জুলাই) দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পার্কের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।


উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরডিএ’র চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ (সুইট)। উদ্বোধন শেষে ভদ্রা পার্কের সামনে একটি বৃক্ষরোপণ করেন ভূমিমন্ত্রী। এরপর তিনি অন্যান্য অতিথিদের নিয়ে নবনির্মিত পার্কের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। 


নগরবাসীর জন্য আধুনিক বিনোদন ও উন্মুক্ত পরিবেশ নিশ্চিত করতে এমন সময়োপযোগী উদ্যোগ নেওয়ায় আরডিএ কর্তৃপক্ষকে সাধুবাদ জানান তিনি।অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, নগরবাসীর সুস্থ বিনোদন,  স্বাস্থ্যকর পরিবেশ রক্ষা এবং পারিবারিকভাবে অবসর কাটানোর একটি নতুন কেন্দ্র হিসেবে এই আরডিএ পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।