শনিবার, আগস্ট ২২, ২০২৬

ঝুঁকিপূর্ণ বাড়ি ঘিরে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক ০২ জুলাই ২০২৬ ১০:০৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০২ জুলাই ২০২৬ ১০:০৬ অপরাহ্ন
ঝুঁকিপূর্ণ বাড়ি ঘিরে আতঙ্ক

রাজশাহী মহানগরীর রাজারহাতা এলাকায় ওয়াকফ এস্টেটের ঝুঁকিপূর্ণ একটি বাড়ি ঘিরে প্রতিবেশিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। রাজশাহী সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের অধীনে রাজারহাতা মালোপাড়া শাহী মসজিদ সংলগ্ন শরিফুন্নেসা ওয়াকফ এস্টেটের (ইসি নং ৪০৪১) হোল্ডিং নম্বর-২৮০২ একতলা ভবনটি অনেক দিনের পুরনো। দীর্ঘদিনের পুরনো হওয়ার কারণে বাড়িটির একটি অংশ ভেঙে পড়েছে। বাড়িটি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে জানিয়ে ওয়ারিশগণ বলছেন, বর্তমানে তিন ভাগের দুইভাগ বাড়ি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। তাই যে কোন সময় এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পরে।  


ঝুঁকিপূর্ণ সেই বাড়ির বাসিন্দা মোহাম্মদ রিপন জানান, দাদা-বাবার আমল থেকেই তারা সপরিবারে এই বাড়িতেই বসবাস করছেন। দীর্ঘদিন সংস্কার না করায় সময়ের ব্যবধানে বাড়িটি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। তবে আর্থিক অসচ্ছলতার কারণে তারা বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে এই বাড়িতে বাস করতে হচ্ছে। 


আরেক বাসিন্দা রিতা খাতুন জানান, ইতোমধ্যেই বাড়িটির দেয়ালে বড়বড় ফাটল দেখা দিয়েছে। কদিন আগে বাড়ির সামনের অংশে ছাদসহ প্রধান ফটকের একটি বড় অংশ ভেঙে পড়ে। এটি ঘরের ছাদ বা দেয়াল হলে প্রাণহানি পর্যন্ত ঘটতে পারতো। এরপর থেকে পরিবারসহ সেখানে তাদের চরম আতঙ্কে দিন কাটছে। পাশের বাড়ির বাসিন্দা মনজুর রহমান বাবু জানান, ওয়াকফ এস্টেটের জরাজীর্ণ বাড়িটির সাথে গা-ঘেঁষা টিনশেডের বাড়িতে তিনি পরিবারসহ বাস করেন। কদিন আগে ওয়াকফ এস্টেটের বাড়িটির দেয়ালে একটি বড় ফাটল দেখা দেয়। এসময় আশেপাশের সবার সহযোগিতায় বাঁশ দিয়ে কোন রকম তা ঠেকিয়ে রাখা হয়। তবে দুই একদিনের মধ্যে দেয়ালটি ধসে আমার বাড়ির দেয়ালে আছড়ে পড়ে। অল্পের জন্য আমরা প্রাণে রক্ষা পাই।


এমন পরিস্থিতিতে দিন-রাত আতঙ্কের মধ্যে কাটছে। রাতেও ভালোভাবে ঘুমাতে পারি না। মাঝে মাঝে ভূমিকম্প হচ্ছে আবার বর্ষাকাল আসছে এসময় পুরোনো দেয়াল ধসে বড় ধরনের বিপদ হতে পারে। তাই যত দ্রুত সম্ভব বাড়িটির সংস্কার বা ঝুঁকিপূর্ণ অংশ ভেঙে ফেলা উচিৎ। 


শরিফুন্নেসা ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লী আসিফ সাকলাইন বলেন, ঘটনাটি শোনার পরপরই আমি ঢাকা থেকে রাজশাহীতে ছুটে যাই। এবং ঘটনাস্থল পরিদর্শন করি। সেখানে বসবাসরত আমার মরহুম চাচা শাহজাহান আলী ও সেকেন্দর আলীর ওয়ারিশরা পরিবারসহ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছেন। আমি মোতাওয়াল্লী হিসেবে তাদের সেখান থেকে অন্যত্র বসবাসের অনুরোধ জানাই কিন্তু তাদের আর্থিক অবস্থার কারণে তারা এই বাড়ি ছেড়ে অন্যত্র বসবাসের উপায় নেই বলে জানায়। পরে আমি ঘটনাটি রাজশাহী বোয়ালিয়া মডেল থানায় লিখিত ভাবে অবহিত করি।