ঘণ্টার ব্যবধানে সিদ্ধান্ত বদল ৬ যুবদল নেতার বহিষ্কার বহাল
পাবনার ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন জুয়েলসহ ছয় যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরই সেই সিদ্ধান্ত পরিবর্তন করে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
বৃহস্পতিবার (২ জুলাই) কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে প্রথমে ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হোসেন আতিয়ার, আক্তারুজ্জামান রাজু, সদস্য মো. মতিয়ার রহমান, চাটমোহর পৌর যুবদলের আহ্বায়ক তানভীর জুয়েল লিপন এবং চাটমোহর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফারুক হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের কথা জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়।
তবে ওই বিজ্ঞপ্তি প্রকাশের ঘন্টাখানেক পরই কেন্দ্রীয় যুবদল আরেকটি সংশোধিত প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, উল্লিখিত ছয় নেতার বহিষ্কারাদেশ বহাল থাকবে। এর আগে, গত ২ ফেব্রুয়ারি পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির একজন ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছিল। কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি’র নির্দেশনায় সংশোধিত এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া মুঠোফোনে এ তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে সংশোধিত বিজ্ঞপ্তির মাধ্যমে আগের আদেশ বাতিল করা হয়েছে।
এদিকে বৃহস্পতিবার ঈশ্বরদীতে যুবদল নেতাদের বহিস্কারাদেশ প্রত্যাহারের খবরে ঈশ্বরদী উপজেলা ও পৌর যুবদলের পক্ষ থেকে আনন্দ মিছিল বের করার প্রস্তুতি চলছিল। এসময় সিদ্ধান্ত পরিবর্তনের খবর এলে সে আনন্দ মিছিল স্থগিত করা হয়।
মুঠোফোনে ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন জুয়েল বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমাদের আবেদনের প্রেক্ষিতে বহিস্কারাদেশ প্রত্যাহার করার পরপরই দুজন বিএনপি নেতার ‘বিশেষ তদবিরে’ আদেশটি বাতিল করা হয়েছে।