পবায় মাদকসহ আটক যুবকের তিন মাসের কারাদণ্ড
পবা উপজেলায় মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ আটক এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে রহমান কোল্ড স্টোরেজ মোড় এলাকায় পবা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবনুল আবেদীন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেন।
উপজেলা প্রশাসন ও পবা থানা পুলিশের যৌথ অভিযানের পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মতিনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম ফরিদুল ইসলাম (২৩)। তিনি রাজশাহীর মোহনপুর উপজেলার চীনপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে পবা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকদ্রব্যসহ ফরিদুল ইসলামকে আটক করা হয়।
পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে মাদক সেবন ও মাদকদ্রব্য রাখার অপরাধে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ফরিদুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন। দণ্ডাদেশের পর সাজা পরোয়ানামূলে তাঁকে জেলহাজতে পাঠানো হয়। এবিষয়ে পবা উপজেলা নির্বাহী অফিসার মো. ইবনুল আবেদীন বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
মাদক সেবন, বিক্রি, বহন বা সংরক্ষণের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী নিয়মিত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি পরিবার, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদেরও ভূমিকা রাখতে হবে। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মতিন বলেন, মাদকবিরোধী কার্যক্রমে পুলিশ প্রশাসন সব সময় সক্রিয় রয়েছে। মাদকসেবী, মাদক বিক্রেতা ও সরবরাহকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ কার্যক্রম অব্যাহত থাকবে।