চাঁপাইনবাবগঞ্জে স্কাফ সিরাপ ও হেরোইন উদ্ধার, আটক ৪
চাঁপাইনবাবগঞ্জে পুলিশ ও বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছ। অভিযানে ২৮৩ বোতল ভারতীয় স্কাফ সিরাপ ও একটি মালবাহী পাওয়ার টিলার ট্রলি ও পৌরসভার রেহাইচর ফুলকুড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রায় আড়াই কেজি হেরোইনসহ একই পরিবারের চারজনকে আটক করেছে
রোববার (৫ জুলাই) সকাল ৯টার দিকে গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার খয়রাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর রহনপুর বিওপির একটি বিশেষ টহল দল অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৮৩ বোতল ভারতীয় স্কাফ সিরাপ (ফেন্সিডিলের বিকল্প নেশাজাতীয় সিরাপ) এবং একটি মালবাহী পাওয়ার টিলার ট্রলি জব্দ করা হয়।
নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম (পিএসসি) জানান, উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও জব্দকৃত যানবাহন গোমস্তাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এদিকে একই দিন বিকেল ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রেহাইচর ফুলকুড়ি এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন উদ্ধার করে জেলা পুলিশ। এ ঘটনায় একই পরিবারের চারজনকে আটক করা হয়েছে।
আটকরা হলেন, বাড়ির মালিক আব্দুর রহমান, তার স্ত্রী মাসিরুন বেগম এবং দুই ছেলে শুকুদ্দি ও মাসুদ রানা। আব্দুর রহমান চরবাগডাঙ্গা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য (মেম্বার) বলে জানিয়েছে পুলিশ।
বিকেল ৫টার দিকে সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বাড়ির ভেতরে রাখা ২০টি প্লাস্টিকের প্যাকেট থেকে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া ছয়টি মোবাইল ফোন, একটি পাসপোর্ট, একটি স্বর্ণের আংটিসহ মোট আটটি আংটি এবং মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, আটক আব্দুর রহমান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে পূর্বে দুটি মাদক মামলা রয়েছে। আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।