শনিবার, আগস্ট ২২, ২০২৬

বগুড়া চেম্বার অব কমার্স‘র নির্বাচনে বাদল-হিরু প্যানেলের নিরুঙ্কুশ বিজয়

বগুড়া প্রতিনিধি: ০৬ জুলাই ২০২৬ ১২:৩০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বগুড়া প্রতিনিধি: ০৬ জুলাই ২০২৬ ১২:৩০ অপরাহ্ন
বগুড়া চেম্বার অব কমার্স‘র নির্বাচনে বাদল-হিরু প্যানেলের নিরুঙ্কুশ বিজয়

বগুড়া প্রতিনিধি:দেড় যুগ পর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক (২০২৬-২৮) নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে বাদল-হিরু প্যানেল নিরুঙ্কুশ বিজয় পেয়েছে। চেম্বারের ১২ টি পদের সকল প্রার্থী বিজয়ী হয়েছেন। সভাপতি পদে এম এস এম আতিকুর রহমান বাদল (গোলাপ ফুল)৬৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি ছিলেন  সেলিম রেজা। সহ সভাপতি পদে মো. হামিদুল হক চৌধুরী হিরু(আনারস) ৭২৬ ভোট পেয়ে এবং মো. মামদুদুর রহমান শিপন(খেজুর গাছ) ৫৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী কমিটির পরিচালক পদের ২২ জন প্রার্থীর মধ্যে বাদল-হিরু প্যানেলের বিজয়ী ৯ জন পরিচালক ও তাদের প্রাপ্ত ভোট হলো- শ্রী পরিমল চন্দ্র দাস (ফুটবল- ৫৯৬), খন্দকার মেজবাহুল হক রন্টু (দোয়েল পাখি- ৬১২), মো. আজিজার রহমান মিল্টন (উড়োজাহাজ- ৫৭৯), শাহিনুর ইসলাম সবুজ (কাপ-পিরিচ- ৫৬৯), এস এম নূর-ই আলম সিদ্দিকী পল্লব (হরিণ- ৫৫৭), মো. রাসেদুল ইসলাম (মই- ৫৫৩), মো. শফিকুল ইসলাম খোকন (দোয়াত কলম- ৫৩২), শামসুল হক বেনু (চেয়ার- ৫১২) এবং মো. মতিউর রহমান (চশমা- ৪৬৬)।

রোববার (৫ জুলাই) সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। মহানগরের শহীদ টিটু মিলনায়তনে ভোট গ্রহন করা হয়। নির্বাচনে দুইটি প্যানেল থেকে সভাপতি পদে ২জন, সহসভাপতি পদে ৪ জন এবং পরিচালক পদে ২২জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সব মিলিয়ে ১২টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৮ জন প্রার্থী।

নির্বাচন পরিচালনা কমিটির তথ্য অনুযায়ী, চেম্বারের মোট ১ হাজার ৭৭ জন ভোটারের মধ্যে ৯৩০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট কাস্টের হার ৮৬ দশমিক ৩ শতাংশ। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা জটিলতা ছাড়াই ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে ব্যালটের মাধ্যমে তাদের নেতৃত্ব নির্বাচন করেন।

সর্বশেষ ২০০৭ সালে সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হন ফজলুর রহমান পাইকার। এরপর ২০০৯ সালে নেতৃত্বে পরিবর্তন আসে। ২০১৩ ও ২০১৭ সালে প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা ভোটেই নেতৃত্ব নির্ধারিত হয়। গত বছরের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রশাসক নিয়োগের মাধ্যমে নতুন নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। ২০১৭ সালে পরিচালক পদে ভোট হয়েছিল এরপর এবারই পূর্ণাঙ্গ পরিচালনা পরিষদের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হলো।

নির্বাচনে তিনজন কর্মকর্তা কমিশনের দায়িত্বে নিয়োজিত ছিল। এছাড়াও আইন-শৃঙ্খলার স্বাভাবিক রাখতে এবং যে কোন পরিস্থিতি মোকাবিলায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশ ও আনসারের ২৫ জন সদস্য দায়িত্ব পালন করেছেন। চারটি ভিন্ন বুথ ও আটটি গোপন কক্ষে অনুষ্ঠিত হয়েছে এবাবের বগুড়া চেম্বার অব কমার্সের পরিচালনা পর্ষদ নির্বাচনের ভোট।

এ প্রসঙ্গে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন বলেন, অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়েছে। ব্যবসায়ীরা তাদের পছন্দের নেতৃত্ব বেছে নিয়েছেন।