শনিবার, আগস্ট ২২, ২০২৬

বগুড়ায় মিল মালিককে হাত-পা ও মুখ বেঁধে হত্যা, ট্রান্সফর্মার চুরি

বগুড়া প্রতিনিধি : ০৬ জুলাই ২০২৬ ০২:১৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বগুড়া প্রতিনিধি : ০৬ জুলাই ২০২৬ ০২:১৫ অপরাহ্ন
বগুড়ায় মিল মালিককে হাত-পা ও মুখ বেঁধে হত্যা, ট্রান্সফর্মার চুরি

বগুড়ার শিবগঞ্জে মিল মালিক মোহাম্মদ আলী (৭০) কে হত্যা করে মিল থেকে তিনটি ট্রান্সফর্মার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রোববার (৫ জুলাই) রাত ১২টা থেকে সোমবার সকাল ৭টার মধ্যে উপজেলার ফেনিরগ্রাম ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী ফেনিরগ্রাম পূর্বপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত কছিরউদ্দীনের ছেলে।

জানা গেছে, মোহাম্মদ আলী প্রতিদিনের মতো রোববার রাত সাড়ে ১০টার দিকে রাতের খাবার খেয়ে ঘুমানোর জন্য বাড়ি থেকে পাশে নিজের মিলে যান। সোমবার সকাল ৭টার দিকে পার্শ্ববর্তী ডাবইর গ্রামের আতোয়ার নামের এক ব্যক্তি ওই মিলে মরিচ ভাঙাতে আসেন। তিনি মিলের বাইরে থেকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয় ভ্যানচালক আব্দুল আজিজকে বিষয়টি জানান।

পরে ওই ভ্যানচালক মোহাম্মদ আলীর বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন মিলে গিয়ে পিছনের দরজা খোলা দেখতে পান। এবং  ঘরের চৌকির ওপর মোহাম্মদ আলীর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে। তার মাথার পেছনে ও মুখে রক্তাক্ত জখমের চিহ্ন ছিল। এ সময় মিলের ৩ বৈদ্যুতিক ট্রান্সফরমার ভাঙচুর করা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. শাহীনুজ্জামান বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তবে এ ঘটনায় কতজন জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।