দেশের সম্পদ দেশের মানুষের কল্যাণেই ব্যয় হবে: এমপি মিলন
‘দেশের টাকা দেশেই রাখা হবে। জনগণের প্রতি শতভাগ জবাবদিহিতা নিশ্চিত করা হবে। উন্নয়নমূলক প্রকল্পের টাকা নিয়ে কেউ দিল্লি, দুবাই, লন্ডন কিংবা আমেরিকায় বিলাসবহুল জীবন কাটাতে বা বেড়াতে যাবেন না। বরং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে এই টাকা স্থানীয় পর্যায়েই বিনিয়োগ করা হবে।’ সোমবার (৬ জুলাই) বিকেলে পবা উপজেলায় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল হক মিলন। জনগণের প্রতি দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “আপনাদের কাছে আমরা জবাবদিহি করতে বাধ্য।
সব সময়ের জন্যই এই জবাবদিহিতা নিশ্চিত করব।” তিনি বলেন, গ্রামীণ জনপদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে হলে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে হবে। এ জন্য গ্রামীণ পর্যায়ে অর্জিত অর্থ গ্রামেই বিনিয়োগের ওপর গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, “গ্রামীণ পর্যায়ে অর্জিত প্রতি ১০ টাকার মধ্যে সাড়ে ৯ টাকা স্থানীয় অর্থনীতিতেই খরচ করা হবে। আর ভবিষ্যৎ প্রজন্মের সুন্দর ও সুরক্ষিত ভবিষ্যতের কথা চিন্তা করে বাকি ৫০ পয়সা সঞ্চয় হিসেবে জমা রাখা হবে।” তিনি আরও বলেন, পল্লী উন্নয়ন কাঠামো শক্তিশালী করতে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
গ্রামীণ অবকাঠামো সচল রাখতে, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করতে এবং সাধারণ মানুষের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে পল্লী উন্নয়ন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এমপি মিলন বলেন, পল্লী উন্নয়ন দিবস শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি গ্রামীণ অর্থনীতিকে এগিয়ে নেওয়ার একটি কার্যকর উদ্যোগ। এর মাধ্যমে মানুষকে সচেতন করা, উপকারভোগীদের সহায়তা করা এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ তৈরির পথ আরও সুগম হবে। অনুষ্ঠানে প্রতীকীভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে কয়েকজন উপকারভোগীর মাঝে আর্থিক সহায়তা ও এসএমই ঋণ বিতরণ করা হয়। এ বিষয়ে এমপি মিলন বলেন, “আজ ৬ জুলাই থেকে শুরু হওয়া এই দিবস প্রতি বছর নিয়মিতভাবে পালিত হবে। এটি গ্রামীণ অবকাঠামো সচল রাখতে এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।”
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পল্লী উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে পবা উপজেলায় আনুষ্ঠানিকভাবে পল্লী উন্নয়ন দিবসের যাত্রা শুরু হয়। গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখা, স্থানীয় অবকাঠামোগত উন্নয়ন এবং টেকসই অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার লক্ষ্য নিয়ে এ দিবসের আয়োজন করা হয়। এর আগে বেলুন উড়িয়ে পল্লী উন্নয়ন দিবসের উদ্বোধন করা হয়। পরে একটি শোভাযাত্রা বের হয়ে পবা উপজেলা অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন। তিনি বলেন, গ্রামের মানুষের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানো, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি এবং স্থানীয় সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা পল্লী উন্নয়নের অন্যতম লক্ষ্য। সরকারের উন্নয়ন পরিকল্পনা মাঠপর্যায়ে বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
এসময় স্বাগত বক্তব্য রাখেন- বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার। বিশেষ অতিথি হিসেবে পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, জেলা বিএনপির সদস্য শাহাজাহান আলী, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ হাসান পিন্টু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা ও সদস্য মাজদার রহমান। এ ছাড়া বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং বিআরডিবির সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।