গ্রামীণফোনে আন্দোলনকারীদের গ্রেপ্তার ও মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন
গ্রামীণফোনের আন্দোলনকারীদের ওপর মামলা-হামলা, গভীর রাতে শ্রমিক নেতাকে গ্রেপ্তার এবং শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে রাজশাহীতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) দুপুর ১২ টায় রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ এলাকায় গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ’-এর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গ্রামীণফোনের শ্রমিকদের শান্তিপূর্ণ ও যৌক্তিক আন্দোলনে অন্যায়ভাবে বাধা প্রদান করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে গভীর রাতে শ্রমিক নেতাকে বাসা থেকে তুলে নেওয়া এবং আন্দোলনে অংশ নিতে আসা ৬ জন নিরীহ কর্মীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নেতৃবৃন্দ।
আন্দোলনকারী কয়েকটি দাবিও জানান। এর মধ্যে শ্রমিকদের সাংবিধানিকভাবে স্বীকৃত শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার নিশ্চিত, অবিলম্বে শ্রমিকদের পাওনা ৫ শতাংশ বিলম্ব বকেয়া সম্পূর্ণ পরিশোধ, গ্রেপ্তারকৃত সকল শ্রমিক ও আন্দোলনকারীদের নিঃশর্ত মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, করপোরেট সংস্কৃতির নামে শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার এই পাঁয়তারা দেশের সচেতন শ্রমিক সমাজ মেনে নেবে না। অবিলম্বে দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে বলেও জানান তারা।
মানববন্ধন কর্মসূচিতে সাবেক গ্রামীণফোনের রাজশাহী জেলা ও বিভাগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, সাধারণ শ্রমিক এবং বিভিন্ন স্তরের অধিকারকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য দেন গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ রাজশাহীর আহ্বায়ক শাহরিয়ার মতিন, সদস্য সচিব মহিবুল হাসান, সাবেক গ্রামীণফোন কর্মকর্তা সামিউদ্দিন ও সাবেক গ্রামীণফোন কর্মচারী ইকরামুজ্জামান খান প্রমুখ।