ধূমকেতু এক্সপ্রেসের ছাদে মিলল কিশোরের লাশ
পাবনার ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেসের ছাদ থেকে নীরব হোসেন (১২) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ঈশ্বরদী বাইপাস স্টেশনে পৌঁছালে ছাদ থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত নীরব হোসেন বগুড়ার ধুনট উপজেলার কুলাগাতি গ্রামের মৃত ভরু মোল্লার ছেলে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর যাত্রী ও স্টেশনের কর্মীরা সেটির ছাদে একটি লাশ দেখতে পান।
পরে খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে।
ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত ট্রেনের ছাদে থাকা অবস্থায় কোনো সেতুর রেলিংয়ে মাথায় আঘাত লেগে ওই কিশোরের মৃত্যু হয়েছে।
পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে রেলওয়ে পুলিশ। এ ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা হয়েছে।
তথ্যসূত্র : বাংলানিউজ