শনিবার, আগস্ট ২২, ২০২৬

ঈশ্বরদীতে মোবাইল ফোনে কার্টুন দেখতে দিয়ে চার বছরের শিশুকে যৌনপীড়ন

ঈশ্বরদী প্রতিনিধি ০৭ জুলাই ২০২৬ ১০:৩১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী প্রতিনিধি ০৭ জুলাই ২০২৬ ১০:৩১ অপরাহ্ন
ঈশ্বরদীতে মোবাইল ফোনে কার্টুন দেখতে দিয়ে চার বছরের শিশুকে যৌনপীড়ন

পাবনার ঈশ্বরদীতে মোবাইল ফোনে কার্টুন দেখতে দিয়ে মাত্র চার বয়সী এক শিশুকন্যার সঙ্গে যৌনপীড়ন করার অভিযোগ উঠেছে বিল্লাল হোসেন (৪৮) নামের এক চা দোকানির বিরুদ্ধে। এ ঘটনার পর বিষয়টি ‘ম্যানেজ’ ও মিমাংসা করার চেষ্টা করা হলেও স্থানীয়রা ক্ষোভে ফুঁসে উঠে দলবদ্ধ হয়ে ঈশ্বরদী থানায় এসে অভিযুক্ত চা দোকানিকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন। তবে থানায় মামলা রেকর্ড করা হলেও অভিযুক্ত ওই চা দোকানিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সোমবার (৬ জুলাই) দিবাগত রাত দশটার দিকে থানায় বিক্ষোভ করার সময় ঘটনাটি জানাজানি হয়। পুলিশ জানায়, মঙ্গলবার এ বিষয়ে অভিযোগপত্র তৈরি করা হয়েছে তবে আসামী পালিয়ে যাওয়ায় তাকে এখনো গ্রেপ্তার করা যায়নি।

স্থানীয়রা জানান, উপজেলার সাঁড়া ঝাউদিয়া হারানপাড়ায় বিল্লালের চায়ের দোকানে মাত্র চার বছর বয়সী ওই শিশুকন্যাকে কোলে নিয়ে শিশুটির দাদা প্রায়ই চা পান করতে যেতেন। অন্যান্য দিনের মত সোমবারও নাতনিকে কোলে নিয়ে ওই দোকানে তিনি চা পান করতে গেলে দোকানি বিল্লাল আদর করার ছলে ওই শিশুকে তার কাছে নিয়ে কোলে বসিয়ে মোবাইল ফোনে কার্টুন দেখতে দেয়। এসময় বিকৃতভাবে শিশুটির বিশেষ স্থানে যৌনপীড়ন করলে তার চিৎকারে লোকজন বিষয়টি প্রত্যক্ষ করেন। এসময় সেখানে উপস্থিত অন্যান্য লোকজনও বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে তাকে গালাগালিও করেন। এক পর্যায়ে দোকানি বিল্লাল বিষয়টি ম্যানেজ করে মিমাংসা করার চেষ্টা করেন। একে একে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ক্ষোভে ফুঁসে ওঠেন। স্থানীয়রা অভিযোগ করেন রাতেই এলাকাবাসী ঈশ্বরদী থানায় এসে পুলিশকে বিষয়টি জানালেও পুলিশ গড়িমসি করলে লোকজন থানার ভেতরেই বিক্ষুব্ধ হয়ে এ ঘটনার বিচার দাবি করে বিক্ষোভ করেন। এক পর্যায়ে শিশুর বাবা আলিফ আলী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। রাতে সে মামলা নথিভূক্ত করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ অনুযায়ী ঈশ্বরদী থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে। তিনি বলেন, লোকজন থানায় এসেছে এখবর পেয়ে অভিযুক্ত বিল্লাল পালিয়ে গেছে, ফলে তাকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য পুলিশ অভিযানে নেমেছে।