শনিবার, আগস্ট ২২, ২০২৬

ঈশ্বরদীতে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে কিশোরের লাশ উদ্ধার

ঈশ্বরদী প্রতিনিধি ০৭ জুলাই ২০২৬ ১০:৩১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী প্রতিনিধি ০৭ জুলাই ২০২৬ ১০:৩১ অপরাহ্ন
ঈশ্বরদীতে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে কিশোরের লাশ উদ্ধার

পাবনার ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে ট্রেনের ছাদ থেকে নিরব (১২) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে ঢাকা থেকে রাজশাহীগামী আন্ত:নগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত কিশোরের নাম নিরব। সে বগুড়ার ধুনট উপজেলার কুলাগাতি গ্রামের মৃত ভরু মোল্লার ছেলে। ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি মো. জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। রেলওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল আন্ত:নগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি ঢাকা থেকে রাজশাহী আসার সময় চাটমোহর রেলওয়ে স্টেশনে থামলে অনেকে ট্রেনের ছাদে লাশ দেখতে পান। তবে কিছুক্ষণের মধ্যে চাটমোহর থেকে ছেড়ে ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশনে পৌঁছালে যাত্রীদের নিকট এ খবর জানতে পেরে  ট্রেনের ছাদে ওই কিশোরের মরদেহ আছে কিনা তা যাচাই করেন ট্রেনের কর্তব্যরত কর্মীরা।

যাত্রী ও ঈশ্বরদী বাইপাস স্টেশনে কর্মরত কর্মীরা ট্রেনের ছাদে লাশ আছে নিশ্চিত হয়ে পুলিশে খবর দেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তার লাশটি উদ্ধার করে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ট্রেনটি বড়াল ব্রিজ স্টেশন অতিক্রম করার সময় সেতুর রেলিংয়ে ওই কিশোরের মাথায় সজোরে আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঈশ্বরদী বাইপাস স্টেশনে কর্তব্যরত শুভ ইসলাম বলেন ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশনে থামার পর যাত্রীদের নিকট এ খবর শুনে ট্রেনের ছাদে উঠে লাশটি পাওয়া যায়। ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি মো. জিয়াউর রহমান জানান, চলন্ত ট্রেনে সেতুর রেলিংয়ে মাথায় আঘাত লেগে তার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে আইনি প্রক্রিয়া শেষে নিহত ওই কিশোরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে রেলওয়ে পুলিশ অধিকতর তদন্ত করছে বলে জানান ওসি।