শনিবার, আগস্ট ২২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের দুই আলোচিত ইস্যুতে পাপিয়ার ফেসবুক পোস্ট ভাইরাল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০৭ জুলাই ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০৭ জুলাই ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের দুই আলোচিত ইস্যুতে পাপিয়ার ফেসবুক পোস্ট ভাইরাল

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের উন্নয়ন এবং মহানন্দা সেতুর টোল ইস্যু নিয়ে পৃথক দুটি ফেসবুক পোস্ট দিয়েছেন বিএনপির নেত্রী সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। তাঁর পোস্ট দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

হাসপাতাল-সংক্রান্ত পোস্টে সাবেক এ সংসদ সদস্য  দাবি করেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের বিভিন্ন উন্নয়ন, চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ এবং সেবার মানোন্নয়নের উল্লেখযোগ্য অংশ সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদের দায়িত্ব পালনকালেই বাস্তবায়িত হয়েছিল। তিনি বলেন, হাসপাতালের উন্নয়ন নিয়ে রাজনৈতিক বিতর্ক না করে জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করাই সংশ্লিষ্টদের প্রধান দায়িত্ব হওয়া উচিত। একই সঙ্গে চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং অপ্রয়োজনীয় রোগী রেফার কমিয়ে স্থানীয় পর্যায়ে উন্নত চিকিৎসাসেবা দেওয়ার আহ্বান জানান তিনি।

মহানন্দা সেতুর টোল ইস্যুতে দেওয়া অপর পোস্টে পাপিয়া বলেন, সরকারি উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য রাজস্ব আদায় অপরিহার্য এবং টোল আদায়ের বিষয়টি রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্তের অংশ, বাস্তবায়নের সক্ষমতা ছাড়া রাজনৈতিক প্রতিশ্রুতি না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে বিভ্রান্ত করে ভোট নেওয়া উচিত নয়।

একই পোস্টে তিনি নারায়ণপুর ইউনিয়নে চালু করা ‘নৌ-অ্যাম্বুলেন্স’ নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর দাবি, একটি সাধারণ ইঞ্জিনচালিত নৌকাকে নৌ-অ্যাম্বুলেন্স হিসেবে প্রচার করা হচ্ছে, যা প্রকৃত জরুরি চিকিৎসাসেবার বিকল্প হতে পারে না।

তবে হাসপাতালের উন্নয়ন, মহানন্দা সেতুর টোল এবং নৌ-অ্যাম্বুলেন্স বিষয়ে সৈয়দা আসিফা  আশরাফি পাপিয়ার এসব বক্তব্য তাঁর ব্যক্তিগত বলে  দাবি করেন। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে ফেসবুকে জামায়াত ও বিএনপির বাক যুদ্ধ শুরু হয়েছে।