পুঠিয়ায় আহত শামুখখোল পাখি উদ্ধার
রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নে আহত অবস্থায় একটি শামুখখোল পাখি উদ্ধার করা হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে।
সোমবার (৬ জুলাই) দুপুরের দিকে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইমন আলী জমিতে কাজ করতে গিয়ে পাখিটিকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। পরে তিনি পাখিটিকে উদ্ধার করেন।
এই পাখি ইমন আলীর কাছে থেকে নিয়ে আসেন রাজশাহী রাজশাহী বার্ড অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা লাবিব আবরার সনেট। তিনি সোমবার সন্ধ্যার পর জিউপাড়া থেকে পাখিটি নিজ হেফাজতে নেন।
লাবিব আবরার সনেট বলেন, পাখিটির বাম পা ক্ষতিগ্রস্থ হয়েছে। চিকিৎসকের পরামর্শে তাতে চিকিৎসা দেওয়া হচ্ছে। পা পরিষ্কার করে ব্যান্ডেজ করা হয়েছে এবং প্রয়োজনীয় ইনজেকশনও দেওয়া হয়েছে।
তিনি বলেন, বিষয়টি বিভাগীয় বন বিভাগের কর্মকর্তা জাহাঙ্গীর কবির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি প্রাথমিক পরিচর্যার পর বন বিভাগের কাছে পাখিটি হস্তান্তরের পরামর্শ দিয়েছেন। পাখিটি সুস্থ হলে সুস্থ হলে বন বিভাগের মাধ্যমে প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।