শনিবার, আগস্ট ২২, ২০২৬

মহিলা দল নেত্রীকে শ্রমিক লীগ নেতার হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক ০৮ জুলাই ২০২৬ ১১:১১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৮ জুলাই ২০২৬ ১১:১১ অপরাহ্ন
মহিলা দল নেত্রীকে শ্রমিক লীগ নেতার হয়রানির অভিযোগ

রাজশাহী জেনারেল পোস্ট অফিসে (জিপিও) কার্যক্রম নিষিদ্ধ জাতীয় শ্রমিক লীগের এক নেতার ইন্ধনে মহিলা দলের নেত্রীকে হয়রানির অভিযোগ উঠেছে। মহিলা দলের নেত্রীর অভিযোগ, সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য আমাকে হয়রানি করা হয়েছে। 

বুধবার (৮ জুলাই) দুপুর ১২টায় নগরীর ভেড়িপাড়ার মোড়ে সংবাদ সম্মেলন করেন রাজশাহী মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক আসমাউল হুসনা ফেরদৌস। তিনি অভিযুক্ত শ্রমিক লীগ নেতার শাস্তির দাবি করেছেন।  

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আসমাউল হুসনা ফেরদৌস বলেন, আমার স্বামী এজাজুর রহমান রাজশাহী পোস্ট অফিসের পরিদর্শক (শহর) হিসেবে কর্মরত। তিনি বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ থাকায় প্রায় এক সপ্তাহ ধরে প্রতিদিন দুপুরে খাবার নিয়ে যেতে হচ্ছে। সোমবার (৬ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে খাবার নিয়ে জিপিওতে গেলে দুই সাংবাদিক তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেনস্তা ও হয়রানি করেন।

মহিলা দলের এই নেত্রীর অভিযোগ, ওই দুই সাংবাদিক তার উপস্থিতির কারণ জেনেও তাকে আক্রমণাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করেন এবং তার পূর্ণাঙ্গ বক্তব্য তুলে না ধরে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ প্রচার করেছেন। এই ঘটনার পেছনে রাজনৈতিক আক্রোশ ও ষড়যন্ত্র রয়েছে দাবি করে আসমাউল হুসনা বলেন, নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের জাতীয় শ্রমিক লীগের ‘বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন’Ñএর কার্যকরী সভাপতি ও পোস্টাল অপারেটর শাহিনুরুল ইসলামের নির্দেশে ওই দুই সাংবাদিক আমাকে হেনস্তা করেছেন। শাহিনুরুল ইসলামের সম্প্রতি বদলি হলে ওই পদে আমার স্বামী এজাজুর রহমানকে পদায়ন করা হয়। এ বিষয়টি মেনে নিতে না পেরেই শাহিনুরুল এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। 

নিজেকে একজন নিরীহ মানুষ ও সমাজসেবী দাবি করে আসমাউল হুসনা ফেরদৌস বলেন, আওয়ামী লীগের দোসররা তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সমাজে তাকে যেভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে, তার তীব্র নিন্দা জানিয়ে তিনি অবিলম্বে শাহিনুরুল ইসলামসহ দুই সাংবাদিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে শাহিনুরুল ইসলাম বলেন, সাংবাদিকরা সেখানে গিয়ে কি করেছে তা আমি জানি না। আমাকে তারা শুধু দোষারোপ করছে। আমি শ্রমিক লীগের নেতা এটা সত্য। কিন্তু কারও বিরুদ্ধে কোন ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত না।