আত্মগোপনে থাকা পুঠিয়ার গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
রাজশাহীর পুঠিয়া থানায় দায়ের হওয়া একটি গণধর্ষণ মামলার এজাহারভুক্ত প্রধান আসামিকে রাজবাড়ী থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার আসামি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে বাহিনীটি।
র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানি এবং র্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুরের যৌথ অভিযানে মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার রামদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. সাইফুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করা হয়। তিনি রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া গ্রামের মো. জয়েন উদ্দিন জানের ছেলে।
র্যাব জানায়, পুঠিয়া থানার মামলা নম্বর-০৩, তারিখ ৬ জুন ২০২৬ এবং জিআর-৮৯/২০২৬-এর গণধর্ষণ মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি সাইফুল ইসলাম। মামলাটি ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩)/৩০ ধারাসহ দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৩৮০ ও ৪২৭ ধারায় দায়ের করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সাইফুল ইসলাম মামলার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে র্যাব। তিনি আরও জানান, মামলা দায়ের হওয়ার পর গ্রেপ্তার এড়াতে রাজবাড়ীর বালিয়াকান্দি এলাকায় আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তার আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।