চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের উন্নয়নে সাবেক এমপি হারুনুর রশীদের উদ্যোগ
চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের আবাসন সুবিধা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছেন জেলা পরিষদ, চাঁপাইনবাবগঞ্জের প্রশাসক, সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য মো. হারুনুর রশীদ। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পরিকল্পনা ও প্রত্যাশার কথা তুলে ধরার পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে লিখিত আবেদনও করেছেন তিনি।
সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে হারুনুর রশীদ বলেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার মান উন্নয়নে প্রথমেই পর্যাপ্ত জায়গা ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা বৃদ্ধি প্রয়োজন। একই সঙ্গে আধুনিক যুগোপযোগী শিক্ষা কারিকুলাম, ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা, ল্যাব সুবিধা সম্প্রসারণ, শিক্ষকদের উন্নত প্রশিক্ষণ ও আবাসনের ব্যবস্থা এবং ছাত্র-ছাত্রীদের জন্য হোস্টেল নির্মাণ অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে হবে। সরকারের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের বিদ্যমান সমস্যাগুলোর সমাধান সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এরই ধারাবাহিকতায় ৬ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে একটি লিখিত আবেদন করেন হারুনুর রশীদ। আবেদনে তিনি উল্লেখ করেন, ২০০৬ সালে প্রতিষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বর্তমানে ছয়টি টেকনোলজিতে প্রায় ৩ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে। তবে শিক্ষার্থীর তুলনায় পর্যাপ্ত জায়গা, একাডেমিক ভবন, আধুনিক ল্যাব, শিক্ষক-কর্মচারীদের আবাসন এবং অন্যান্য অবকাঠামোগত সুবিধার অভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনায় নানা সীমাবদ্ধতা রয়েছে।
আবেদনে আরও বলা হয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নির্ধারিত ২০ শতাংশ ছাত্রী ভর্তির বিশেষ সুবিধার আওতায় বর্তমানে প্রায় ২০০ জন ছাত্রী অধ্যয়ন করছেন। কিন্তু প্রতিষ্ঠানে কোনো ছাত্রী হোস্টেল না থাকায় বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষার্থীদের ক্যাম্পাসের বাইরে অনিরাপদ ও ব্যয়বহুল মেসে থেকে পড়াশোনা করতে হচ্ছে। এছাড়া বিভিন্ন জেলা থেকে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের জন্যও কোনো ডরমিটরি বা আবাসিক ভবন না থাকায় তাদের দায়িত্ব পালনে বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।
এসব বিষয় বিবেচনায় নিয়ে চলমান বিদ্যমান ২৫টি পলিটেকনিক ইনস্টিটিউটের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে প্রয়োজনীয় জমি অধিগ্রহণ, একটি আধুনিক একাডেমিক ভবন, একটি ছাত্রী হোস্টেল এবং শিক্ষক-কর্মচারীদের জন্য একটি ডরমিটরি নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন।
আবেদনে হারুনুর রশীদ বলেন, এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার মান আরও উন্নত হবে, শিক্ষার্থীদের আবাসন সংকট দূর হবে এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।