বর্তমান সরকার ও আমাদের এমপি অত্যন্ত শ্রমবান্ধব-গুড্ডু এহসান
বগুড়া জেলা পিকআপ ভ্যান, ডেলিভারি ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন (রেজি নং: রাজ-২৭৫৪)-এর সাধারণ সভা শুক্রবার (গতকাল) সকাল ১১টায় সান্তাহারে সংগঠনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মো. মোয়াজ্জেম হোসেন এবং সঞ্চালনা করেন সদস্যসচিব স্বপন হোসেন। সভায় সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয়, শ্রমিকদের কল্যাণ এবং আগামীতে সংগঠনের নির্বাচন আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে ইউনিয়নের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সান্তাহার পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির সাবেক সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এম এফ সিদ্দিকী (গুড্ডু এহসান) বলেন, “শ্রমজীবী মানুষের পরিশ্রমের ঘামেই দেশ এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার ও আমাদের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার অত্যন্ত শ্রমবান্ধব। শ্রমিকদের কল্যাণে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব। সংগঠনের সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে নির্বাচন আয়োজন করা হচ্ছে। আশা করি, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে এবং সংগঠন আরও শক্তিশালী হবে।”
এ সময় আরও বক্তব্য দেন সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন, বিএনপি নেতা আজাদ, রিকু, রুকু, বেলাল, মুকুলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।