পবা দলিল লেখক সমিতির সভাপতি আয়নাল, সম্পাদক লিটন
উৎসাহ-উদ্দীপনা ও শতভাগ ভোটারের অংশগ্রহণের মধ্য দিয়ে রাজশাহীর পবা উপজেলা দলিল লেখক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে এস এম আয়নাল হক এবং সাধারণ সম্পাদক পদে মোহা. আমিনুল হক লিটন নির্বাচিত হয়েছেন। শনিবার (১১ জুলাই) পবা দলিল লেখক সমিতির নিজস্ব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৯৪ জন। তাঁদের সবাই ভোটাধিকার প্রয়োগ করেন। ফলে নির্বাচনে শতভাগ ভোট পড়েছে। ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে গণনা শুরু হয়।
গণনা শেষে বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রধান নির্বাচন কমিশনার মো. মেহেদী হাসান মৃধা (সাল্লিম) আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এ সময় সহকারী নির্বাচন কমিশনার মাইনুল ইসলাম ও মো. আশরাফুজ্জামান সোহাগ উপস্থিত ছিলেন। ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে এস এম আয়নাল হক ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে মো. নুরুন্নবী ৫৪ ভোট এবং সাধারণ সম্পাদক পদে মোহা. আমিনুল হক লিটন ৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আওয়াল ও সাংগঠনিক সম্পাদক পদে মো. ইসমাইল হোসেন সমান ৪৩টি করে ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দপ্তর সম্পাদক পদে মো. শাহীন আলম সর্বোচ্চ ৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আইনবিষয়ক সম্পাদক পদে মো. জাভেদ ওমর ৫৫ ভোট এবং কোষাধ্যক্ষ পদে মো. আব্দুল আলিম ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্যের তিনটি পদে মো. সুরুজ আলী, মো. শাহিনুর রহমান ও মাজদার আলী নির্বাচিত হয়েছেন। তাঁদের মধ্যে মো. সুরুজ আলী পেয়েছেন ৫৭ ভোট। মো. শাহিনুর রহমান ৫১ ভোট এবং মাজদার আলী ৫০ ভোট পেয়েছেন। নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই সমিতির কার্যালয়ে ভোটার ও প্রার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। নির্ধারিত সময়ের মধ্যে সব ভোটার ভোট দেওয়ায় নির্বাচনটি সদস্যদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানান সমিতির সদস্যরা। নবনির্বাচিত কমিটি আগামী তিন বছর পবা উপজেলা দলিল লেখক সমিতির দায়িত্ব পালন করবে।