নাটোরে ট্রাক চাপায় ভ্যানচালক নিহত
নাটোরে ট্রাক চাপায় তমিজ উদ্দিন (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের শহরতলির মোকরামপুর এলাকার রিভু ফুয়েল স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তমিজ উদ্দিন নাটোর সদর উপজেলার হালসার অর্জুনপুর গ্রামের মৃত মাজম উদ্দিনের ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আবুল কালাম জানান, তমিজ উদ্দিন শনিবার সকালে দত্তপাড়া থেকে ভ্যান চালিয়ে হয়বতপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় মোকরামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে যায়। দুর্ঘটনায় গুরুতর আহত হলে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাকে দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ ও চালককে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।