গোদাগাড়ীতে আমবাগানের ১০১ গাছ কেটে সাবাড়
রাজশাহীর গোদাগাড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে একটি আমবাগানের ১০১টি আম্রপালির গাছ কাটা হয়েছে। প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী বাগান মালিক রিয়াজুল ইসলাম গোদাগাড়ী থানায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, প্রায় ৪০ বছর আগে গোদাগাড়ীর গোগ্রাম ইউনিয়নের গোগ্রাম মৌজায় ১৬৬ শতক জমি ক্রয় করে ভোগদখল করে আসছিলেন। জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে গত ৩ জুলাই রাত আনুমানিক ১০ টার সময় আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমবাগানে প্রবেশ করে। আসামিরা পরিকল্পিতভাবে বাগানের ১০১টি আম্রƒপালি গাছ উপড়ে এবং গোড়া থেকে কেটে চুরি করে নিয়ে যায়। এতে বাগানের আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনায় অভিযুক্তদের কাছে জানতে চাইলে তারা রিয়াজুল ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেয়। জমি দখল করে নেওয়ার ও হুমকি দেওয়া হয়।
গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, পুলিশ ঘটনার তদন্ত এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।