শনিবার, আগস্ট ২২, ২০২৬

গণমাধ্যম ও সুশীল সমাজের সমন্বয়ে গ্রামীণ সমস্যা সমাধানের আহ্বান

নিজস্ব প্রতিবেদক ১২ জুলাই ২০২৬ ০৯:৪৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১২ জুলাই ২০২৬ ০৯:৪৪ অপরাহ্ন
গণমাধ্যম ও সুশীল সমাজের সমন্বয়ে গ্রামীণ সমস্যা সমাধানের আহ্বান

রাজশাহীতে খান ফাউন্ডেশনের ‘ভয়েসেস ফর চেঞ্জ’ প্রকল্পের আওতায় গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা তৈরির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গ্রামীণ জনপদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে গণমাধ্যম ও সুশীল সমাজকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টায় রাজশাহী মহানগরীর একটি কনভেনশন সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


বাস্তবায়ন সহযোগী সংস্থা ‘সমতা নারী কল্যাণ সংস্থা’ ও ‘লফস’-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তা এবং নাগরিকতা জিএফএ-এর কারিগরি সহযোগিতা ছিল। সভায় সভাপতিত্ব করেন লফস-এর নির্বাহী পরিচালক মোছা. শাহানাজ পারভীন লাকী। রাজশাহী জেলা প্রকল্প কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন দুঃস্থ মহিলা কল্যাণ সংস্থার পরিচালক রহিমা বেগম।


সভায় বক্তব্য দেন বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থার পরিচালক হাসিনুর রহমান, আঞ্চলিক উন্নয়ন সংস্থার পরিচালক ইউসুফ আলী চৌধুরী, ডিএমকেএস-এর পরিচালক শামসুজ্জোহা, খান ফাউন্ডেশনের (পবা-পুঠিয়া) প্রকল্প কর্মকর্তা নিমাই চন্দ্র সরকার ও খান ফাউন্ডেশনের (দুর্গাপুর-চারঘাট) প্রকল্প কর্মকর্তা শিরিনা আকতার। এতে রাজশাহীর চারটি উপজেলার সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। মতবিনিময় সভায় বক্তারা বলেন, গ্রামীণ মানুষের নানা সমস্যা ও প্রতিবন্ধকতা দূর করতে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ প্রয়োজন।


সাধারণ মানুষের অধিকার রক্ষা, সামাজিক উন্নয়ন ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে গণমাধ্যম ও সুশীল সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। সভায় স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের স্মার্টফোন আসক্তি কমাতে সচেতনতা কার্যক্রম জোরদারের দাবি জানানো হয়। এছাড়া সড়ক ও মহাসড়কের পাশে জীবন্ত গাছের গায়ে পেরেক পুঁতে ঝুঁকিপূর্ণভাবে সাইনবোর্ড লাগানো বন্ধ, গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ও কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা নিতে আসা নারীদের জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থা করার দাবি ওঠে। বক্তারা আরও বলেন, মাঠপর্যায়ে সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে আইনি সহায়তা কার্যক্রম আরও সম্প্রসারণ করা প্রয়োজন। পাশাপাশি স্থানীয় সুশীল সমাজের ইতিবাচক উদ্যোগ ও সফলতার গল্পগুলো গণমাধ্যমে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।