শনিবার, আগস্ট ২২, ২০২৬

নাহিদ ইসলামের মন্তব্যে রাবি শিক্ষার্থীদের ক্ষোভ

রাবি প্রতিবেদক ১২ জুলাই ২০২৬ ১০:২০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ১২ জুলাই ২০২৬ ১০:২০ অপরাহ্ন
নাহিদ ইসলামের মন্তব্যে রাবি শিক্ষার্থীদের ক্ষোভ

‘জুলাইয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রথম ছাত্রলীগমুক্ত হয়’, এমন মন্তব্য করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার এ পোস্টকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেক শিক্ষার্থী পোস্টটিকে ইতিহাস বিকৃতির চেষ্টা বলে অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেছেন।

শনিবার (১১ জুলাই) নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে নাহিদ ইসলাম ওই পোস্ট করেন। পোস্টে তিনি লেখেন, ‘জুলাইয়ের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: সারাদেশে প্রথম ছাত্রলীগমুক্ত হয় এই ক্যাম্পাস। মুখে লাল কাপড় বাঁধা কর্মসূচিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাই সবার আগে সফল করে।’ পোস্টটি প্রকাশের পরপরই জুলাই গনঅভ্যুত্থানে অংশগ্রহণকারী রাবির সাবেক সমম্বয়ক ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ফেসবুকে এই মন্তব্যের সমালোচনা করে এর বিপক্ষে মতামত দিতে শুরু করেন।

রাবি শিক্ষার্থীদের দাবি, ছাত্রলীগ বিরোধী আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও প্রথম ছাত্রলীগমুক্ত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তাই নাহিদ ইসলামের এমন মন্তব্য বিভ্রান্তি তৈরি করতে পারে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাবির সাবেক সমন্বয়ক ফাহিম রেজা এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘নাহিদ ইসলাম কি জুলাইয়ের ইতিহাস জানে আদৌ। জুলাইয়ে ছাত্রলীগমুক্ত প্রথম ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয়। পুরো বাংলাদেশ সাক্ষী। ১৬ই জুলাই তল্পিতল্পা গুছিয়ে রাবি থেকে ছাত্রলীগ পলায়ন করে পুলিশি পাহারায়। দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গ্যাঞ্জাম লাগিয়ে জুলাইয়ের সুবিধাভোগীদের লাভ কী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাতভর সন্ত্রাসীদের বিরুদ্ধে বীরত্ব দেখিয়েছে। তাদের সংগ্রাম আমাদের অনুপ্রেরণা। আমরা একে অপরের সহযোদ্ধা।’

আরেক পোস্ট ফাহিম রেজা লিখেছেন, ‘জনাব নাহিদ ইসলাম প্রথম ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করার দুটি কারণ থাকতে পারে-এক. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি। দুই. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা ছাত্রশক্তির কমিটি দিতে পারছে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পারে নাই।  গতকাল রাতে সার্জিস আলমসহ এনসিপি নেতারা তাদের বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ছাত্রলীগমুক্ত প্রথম ক্যাম্পাস হিসেবে বক্তব্য দিয়ে গেছে।’

নাজমুল হক আশিক নামে এক শিক্ষার্থী ফেসবুক পোস্টে লিখেছেন, ‘জুলাইয়ে বাংলাদেশের প্রথম ছাত্রলীগমুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিহাসে স্থান করে নিয়েছে। সেদিন ছাত্রশিবির, ছাত্রদল এবং অন্যান্য ছাত্র সংগঠন সহ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে ছাত্রলীগের কুখ্যাত সন্ত্রাসী আসাদুল্লাহ গালিব বাবু সহ অন্যান্যরা পালিয়ে যেতে বাধ্য হয়। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা হিসেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের প্রতি আহ্বান জানাই, জুলাইয়ের প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরুন। ইতিহাসের কোনো ধরনের বিকৃতি বা বিচ্যুতি কখনোই সমর্থনযোগ্য নয়।’

নাহিদ ইসলামের মতো একই দাবি করেছেন জাকসু’র জিএস মাজহারুল ইসলাম। মাজহারুল ইসলামের এই সংক্রান্ত একটি ভিডিও বক্তব্য শেয়ার করে রাকসু’র সংস্কৃতি বিষয়ক সম্পাদক জায়েদ হাসান জোহা লিখেছেন, ‘২৪ এর ইতিহাসে সর্বপ্রথম ছাত্রলীগ তাড়ানো হয় ১৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে। এর বাইরে প্রথম ছাত্রলীগ তাড়ানো মর্মে যত কাহিনি আছে সবই গালগপ্প। তা যত কনফিডেন্টলিই বলা হোক না কেন, আর যিনিই বলুন না কেন! শুধু তাই নয়, দেশের সর্বপ্রথম কারফিউ ব্রেক করে রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৯ জুলাই। এই ক্ষেত্রেও একই কথা। এগুলোই ইতিহাস, এগুলোই সত্য।’

উল্লেখ্য, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলন দমন করতে মাঠে ছিলো বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। তারা বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীদের হুমকি দিয়ে আন্দোলনে অংশ নিতে বাধা দেয়, অনেক জায়গায় হামলাও চালায়। ২০২৪ সালের ১৬ জুলাই বিকেল চারটার দিকে তৎকালীন রাবি শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সব নেতাকর্মীকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করতে সক্ষম হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।