শনিবার, আগস্ট ২২, ২০২৬

ঈশ্বরদীতে পদ্মায় জেলেদের ওপর সশস্ত্র হামলা : গুলিবিদ্ধসহ আহত ৪

ঈশ্বরদী প্রতিনিধি ১২ জুলাই ২০২৬ ১০:২৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী প্রতিনিধি ১২ জুলাই ২০২৬ ১০:২৬ অপরাহ্ন
ঈশ্বরদীতে পদ্মায় জেলেদের ওপর সশস্ত্র হামলা : গুলিবিদ্ধসহ আহত ৪

পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীতে মাছ শিকার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন কয়েক জেলে। হামলাকারীদের ছোড়া গুলিতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন আরও তিনজন। ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ইসলামপাড়া ঘাটসংলগ্ন পদ্মা নদীতে শনিবার (১১ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইঞ্জিনচালিত নৌকায় ১০/১২ জন জেলে পদ্মা নদীতে মাছ ধরছিলেন। এ সময় ২০-২৫ জনের একটি সশস্ত্র দুর্বৃত্ত দল অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা জেলেদের লক্ষ্য করে এলোপাতাড়ি ছররা গুলি ছোড়ে। এক পর্যায়ে  জেলেদের নৌকা থেকে তীরে তুলে এনে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রে বেধড়ক মারপিট করে।

আহতরা হলেন, লালপুর উপজেলার তিলকপুর গ্রামের মোহাম্মদ মন্ডলের ছেলে সাইদুর মন্ডল (৬৫), তিনি বুকের ডান পাশে ছররা গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া সমতউল¬া প্রামাণিকের ছেলে সোহেল রানা (৩৭), মজেল প্রামাণিকের ছেলে মজনু (৪২) এবং সোহেল রানার ছেলে শিশির আহমেদ (১৮) আহত হন। এদের কারো দুই হাত ও দুই পায়ে, কারো হাত ও পায়ে আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সাইদুর মন্ডল, সোহেল রানা ও মজনু বাড়ি ফিরে গেলেও শিশির আহমেদ হাসপাতালে ভর্তি রয়েছেন।

ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার শফিকুল ইসলাম জানান, জেলেরা নৌকা করে নদীতে মাছ ধরতে গেলে মাজদিয়ার ইসলামপাড়া ঘাটে এ ঘটনা ঘটে। তবে হামলার কারণ এবং হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছে। ঘটনাস্থল ঈশ্বরদী থানার আওতাধীন হওয়ায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা ঈশ্বরদী থানা পুলিশ গ্রহণ করবে বলে জানান তিনি। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, পদ্মা নদীর মাঝখানে গোলাগুলির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে কোনো আলামত পাওয়া যায়নি। তিনি বলেন, ঘটনাটি সম্ভবত ঈশ্বরদী উপজেলার সীমানার বাইরে ঘটেছে। তিনি বিস্তারিত খোঁজ খবর নিবেন বলে জানান।

এদিকে এ ঘটনায় লালপুর থানার বক্তব্য ‘ঘটনাস্থল ঈশ্বরদী’ আবার ঈশ্বরদী থানার বক্তব্য ‘ঘটনাস্থল ঈশ্বরদী থানার সীমানার বাইরে’Ñ একই ঘটনাকে কেন্দ্র করে লালপুর ও ঈশ্বরদী থানা পুলিশের ঘটনাস্থলের ‘স্থান নির্ণয়’ নিয়ে পৃথক বক্তব্যে এ ঘটনার তদন্ত নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ঘটনার দায় এড়াতেই দুই থানার পক্ষ থেকে ভিন্নমুখী বক্তব্য দেওয়া হচ্ছে। তবে প্রকৃত ঘটনা উদঘাটন করে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন আহত জেলেরাসহ স্থানীয় জেলে ও এলাকাবাসী।