শনিবার, আগস্ট ২২, ২০২৬

রাবিতে প্রফেসর এস এম আব্দুছ ছালাম স্মরণে স্মরণসভা ও দু’আ অনুষ্ঠিত

সোনার দেশ ১৩ জুলাই ২০২৬ ০২:৪০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সোনার দেশ ১৩ জুলাই ২০২৬ ০২:৪০ অপরাহ্ন
রাবিতে প্রফেসর এস এম আব্দুছ ছালাম স্মরণে স্মরণসভা ও দু’আ অনুষ্ঠিত
রাবি আরবি বিভাগের মরহুম প্রফেসর এস এম আব্দুছ ছালামের স্মরণসভায় বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আরবি বিভাগের মরহুম প্রফেসর ড. এস এম আব্দুছ ছালামের (৬১) স্মরণে  সোমবার (১৩ জুলাই) শহীদুল্লাহ কলা ভবনে এক স্মরণসভা ও দু’আ অনুষ্ঠিত হয়। এই স্মরণসভায় উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, কলা অনুষদের অধিকর্তা প্রফেসর মোহাম্মদ বেলাল হোসেন, বিভাগের সভাপতি প্রফেসর মো. জাহিদুল ইসলামসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন। 

সেখানে অন্যদের মধ্যে সাবেক উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামানসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রফেসর এস এম আব্দুছ ছালাম গত ২ জুলাই সন্ধ্যা ৬টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না....রাজিউন)। তিনি বগুড়া জেলার শেরপুরের বারোদুয়ারি পাড়ায় ১৯৬৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি শেরপুর শহীদিয়া আলিয়া মাদরাসা থেকে কৃতিত্বের সাথে দাখিল, ফাজিল ও কামিল (হাদিস) পরীক্ষায় উত্তীর্ণ হন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে তিনি ১৯৮৬ সালে বিএ (সম্মান) ও ১৯৮৭ সালে একই বিভাগ থেকে এমএ ডিগ্রি লাভ করেন। উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে তিনি ‘অগ্রণী ব্যাংক স্বর্ণপদক’-এ ভূষিত হন। ১৯৯৭ সালে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 

তিনি ১৯৯১ সালে রাবি আরবী বিভাগ ও ইসলামিক স্টাডিজ বিভাগে আরবী বিষয়ের প্রভাষক হিসেবে যোগ দেন ও ২০০৩ সালে প্রফেসর পদে উন্নীত হন। তিনি অধ্যাপনা ছাড়াও বিভাগের সভাপতিসহ অন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাঁর ৩টি গ্রন্থ ও বেশ কিছু প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র রেখে গেছেন।

পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দু’আ করা হয়।