ঈশ্বরদী বাইপাসে একতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত : উত্তরাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ
পাবনার ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরাঞ্চলের বেশ কয়েকটি স্টেশনে কয়েকটি টেন চলাচল বন্ধ হয়ে যায়।
সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টার দিকে ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রবেশের সময় লাইনচ্যুত হয়। ট্রেনের পেছনের দিকের বগি লাইনচ্যুত হওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি তবে এই রুট দিয়ে চলাচলরত রাজশাহী, পঞ্চগড়, লালমনিহাট, চিলাহাটিসহ বিভিন্ন এলাকার মধ্যে চলাচলকারি অন্যান্য ট্রেনগুলিও বিভিন্ন স্টেশনে থামিয়ে রাখতে হয়েছে। সোমবার মুলাডুলি স্টেশনে বনলতা এক্সপ্রেস, আব্দুলপুর রেলওয়ে জংসন স্টেশনে রূপসা এক্সপ্রেস, বাইপাস স্টেশনে লালমনি এক্সপ্রেস ট্রেনসহ কয়েকটি স্টেশনে ট্রেনগুলিকে থামিয়ে রাখা হয়। এতে বিভিন্ন ট্রেনের শত শত ট্রনযাত্রীরা দুর্ভোগে পড়েন। ঘণ্টার পর ঘণ্টা তাদের মাঝপথে অপেক্ষা করতে হয় বলে দুর্ভোগে পড়া ট্রেনযাত্রীরা জানান।
সোমবার সন্ধ্যার পরেও ট্রেনগুলি চলাচল বন্ধ ছিল। বিষয়টি নিশ্চিত করে পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন বলেন, একতা এক্সপ্রেস ঈশ্বরদী স্টেশনে প্রবেশের সময় লাইনচ্যুত হয়। বিকেলে উদ্ধারকারী রিফিল ট্রেন উদ্ধার কাজ শুরু করে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত (সোমবার সন্ধ্যা ৭টা) উদ্ধার কাজ চলছিল। উদ্ধারকারীরা জানান, ট্রেনটি বাজে ভাবে লাইনচ্যুত হয়েছে, উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।