ঈশ্বরদীতে ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে প্রাণ গেল পপকর্ন বিক্রেতার
ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনে তড়ি ঘড়ি করে ট্রেনে উঠতে গিয়ে ট্রেনের নিচে দ্বিখন্ডিত হয়ে কাটা পড়ে আহাম্মদ আলী (১৭) নামের এক পপকর্ণ বিক্রেতার মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) ঈশ্বরদী-ঢাকা রেলপথের ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে এ ঘটনা ঘটে। নিহত আহাম্মদ আলী চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার মাঠপাড়া গ্রামের দিনমজুর ইউসুফ আলীর ছেলে। তিনি ট্রেনে ট্রেনে ঘুরে পপকর্ণ বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয়রা জানান, অভাব অনটনের সংসারে পড়ালেখা করার তেমন সুযোগ হয়নি আহাম্মদ আলীর। সংসারের বোঝা মাথায় নিয়ে সে বিভিন্ন ট্রেনে ফেরি করে পপকর্ন বিক্রি করতেন। গতকাল সোমবার চাটমোহর স্টেশন থেকে ঈশ্বরদী বাইপাস রেলস্টেশন এসে ঢাকাগামী আন্ত:নগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে ঢাকা যাওয়ার জন্য তড়িঘড়ি করে ওঠার সময় পা পিছলে ওই ট্রেনের নিচে পড়ে চলন্ত ট্রেনের চাকায় দ্বিখন্ডিত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চটমোহরের মূলগ্রাম ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের সদস্যদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।