অসম প্রেমের জেরে পারিবারিক কলহ, পার্বতীপুরে একই ওড়নায় ফাঁস দিয়ে মা-মেয়ের মৃত্যু
দিনাজপুরের পার্বতীপুরে অসম প্রেমের জেরে পারিবারিক কলহের কারনে একই ওড়নায় ফাঁস দিয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেল আনুমানিক ৫টার দিকে এই ঘটনা ঘটেছে।
জানা গেছে, দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের কালিরহাট ছোট চণ্ডীপুর গ্রামে একই ওড়নায় ফাঁস দিয়ে মা ও মেয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।
মৃত্যু মা-মেয়ে ওই গ্রামের রিপন চন্দ্র রায়ের স্ত্রী ছবি রানী রায় (৪০) এবং তাদের একমাত্র মেয়ে পল্লবী রানী রায় (১৫)। পল্লবী স্থানীয় গোল্ডেন হোপ রেসিডেন্সিয়াল স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, একই শ্রেণির ছাত্র বুলেট রাজের সঙ্গে পল্লবীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় ১৫ দিন আগে পল্লবী বাড়ি থেকে চলে যান। পরে পরিবারের অমতে হলেও মা ছবি রানী রায় গোপনে মেয়ের পছন্দের ছেলের সঙ্গে তার বিয়ে দেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি জানতে পেরে বাবা রিপন চন্দ্র রায় কৌশলে মেয়েকে বাড়িতে ফিরিয়ে আনেন। এরপর থেকেই পরিবারে অশান্তি ও কলহ চলছিল বলে স্বজনরা জানান।
স্বজনদের অভিযোগ, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও মানসিক চাপের একপর্যায়ে সোমবার বিকেলে ঘরের দরজা বন্ধ করে একই ওড়নায় সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস নেন মা ও মেয়ে।
মৃত ছবি রানী রায়ের ভাই সুশীল চন্দ্র বলেন, “পারিবারিক কলহের কারণেই আমার বোন ও ভাগনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছে বলে আমরা মনে করি।”
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, “ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।