হলগুলোর রিডিং রুমে এসি স্থাপনের বিষয় প্রক্রিয়াধীন রয়েছে: রাবি উপাচার্য
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের সাথে প্রাধ্যক্ষ পরিষদের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এই আলোচনায় প্রাধ্যক্ষবৃন্দ আবাসিক হলসমূহের বিভিন্ন বিষয়ে উপাচার্যকে অবহিত করেন।
এসময় উপাচার্য হলসমূহের রিডিং রুমে শিক্ষার্থীদের পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এসি স্থাপনের বিষয় প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান। কাজটি দ্রুততার সাথে সম্পন্ন করা হবে বলেও তিনি অবহিত করেন। এছাড়া হলসমূহের আরো কয়েকটি বিষয়ে আগামীতে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি প্রাধ্যক্ষবৃন্দকে জানান।
উপাচার্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রাধ্যক্ষবৃন্দের সহযোগিতা প্রত্যাশা করেন। আলোচনায় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।