শনিবার, আগস্ট ২২, ২০২৬

ঈশ্বরদীর পদ্মায় রাতে অভিযান : আগেই সটকে পড়ল বালুখেকো চক্র

ঈশ্বরদী প্রতিনিধি ১৪ জুলাই ২০২৬ ১০:৩৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী প্রতিনিধি ১৪ জুলাই ২০২৬ ১০:৩৪ অপরাহ্ন
ঈশ্বরদীর পদ্মায় রাতে অভিযান : আগেই সটকে পড়ল বালুখেকো চক্র

ঈশ্বরদীর পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার খবর পেয়ে রাতেই যৌথ অভিযানে নামে উপজেলা প্রশাসন। তবে আগেই অভিযানের খবর পেয়ে চর থেকে পালিয়ে যায় অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। সোমবার (১৩ জুলাই) রাতে উপজেলার রূপপুর এলাকার পাকারমাথা, গেনা মার্কেট সংলগ্ন এলাকা এবং কালিতলায় এলাকায় এ অভিযান চালানো হয়।

যৌথ অভিযানে নেতৃত্ব দেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব ও সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমানসহ পুলিশ ও আনসার সদস্যরা। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের খবর আগেই পেয়ে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ফেলে দ্রুত সটকে পড়ে বালু উত্তোলনকারীরা। তবে তাদের ফেলে যাওয়া সরঞ্জাম জব্দ ও অবৈধ কর্মকান্ড বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

ইউএনও হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি নদী তীরবর্তী বিভিন্ন স্থাপনা ও অবকাঠামোও ঝুঁকির মুখে পড়ছে। এসব বিষয় বিবেচনায় এনে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একাধিক প্রভাবশালী চক্র প্রশাসনের নজর ফাঁকি দিয়ে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। তারা নিয়মিত নজরদারি বাড়ানোর পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আবারো আকস্মিক অভিযান পরিচালনা করা হবে। কোনো ব্যক্তি বা চক্রকে এ ধরনের অপরাধমূলক কর্মকান্ডে ছাড় দেওয়া হবে না। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, অবৈধভাবে বালু উত্তোলন রোধকল্পে পদ্মা নদীর এসব চর এলাকায় আগের চেয়ে পুলিশের টহল জোরদার করা হয়েছে।