রাবি রসায়ন বিভাগে অনুষ্ঠিত হচ্ছে বৈজ্ঞানিক কর্মশালা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রসায়ন বিভাগের উদ্যোগে ÔFrom Conference to Exploration: Empowering
Undergraduate Students in Research’ শীর্ষক এক দিনব্যাপী বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত হয়। স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণার সঙ্গে পরিচিত করা, গবেষণার গুরুত্ব ও প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, গবেষণার প্রতি আগ্রহ সৃষ্টি এবং ভবিষ্যতে গবেষণায় সম্পৃক্ত হওয়ার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানই এ কর্মশালার মূল লক্ষ্য।
বুধবার (১৫ জুলাই) সকাল ৯টায় রসায়ন বিভাগের সেমিনার কক্ষে উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ। রসায়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ।
কর্মশালার কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য প্রদান করেন মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুয়িস্ট রিসার্চ প্রফেসর (Distinguished Research Professor) সাইদুর রহমান। তিনি গবেষণার গুরুত্ব, গবেষণায় অধ্যবসায়, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা এবং একজন শিক্ষার্থীর গবেষণাভিত্তিক ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সেখানে ইনভাইটেড লেকচার (Invited Lecture) দেন বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক এন্ড ইন্ড্রাস্ট্রিয়াল রিসার্চ (BCSIR) রাজশাহীর সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. ফারিদুল ইসলাম। তিনি গবেষণার বাস্তব অভিজ্ঞতা, গবেষণা পরিকল্পনা, বৈজ্ঞানিক চিন্তাভাবনা ও গবেষণায় সফল হওয়ার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন।
দিনব্যাপী এই কর্মশালায় মোট ২১টি পোস্টার ও ১৪টি ওরাল প্রেজেন্টেশন উপস্থাপিত হয়। পিএইচডি, এমফিল ও স্নাতকোত্তর পর্যায়ের গবেষকরা তাদের গবেষণার উদ্দেশ্য, পদ্ধতি, ফলাফল ও সম্ভাব্য প্রয়োগ সম্পর্কে উপস্থাপনা করেন। প্রতিটি উপস্থাপনার পর অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে গবেষকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
এই কর্মশালার অন্যতম দিক হলো স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের সক্রিয়ভাবে মূল্যায়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করা। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রত্যেককে অন্তত দুটি পোস্টার উপস্থাপনার ওপর লিখিত ফিডব্যাক প্রদান করতে উৎসাহিত করা হয়। ফিডব্যাকের বিশ্লেষণধর্মিতা, যৌক্তিকতা এবং গবেষণাকে আরও উন্নত করার মতো পরামর্শের ভিত্তিতে প্রতিটি ব্যাচ থেকে দুইজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তাশক্তি, বৈজ্ঞানিক বিশ্লেষণ ক্ষমতা এবং গবেষণা মূল্যায়নের দক্ষতা বিকাশের সুযোগ সৃষ্টি হবে।
এছাড়া উপস্থাপিত গবেষণার মান, বৈজ্ঞানিক বিষয়বস্তুর উপস্থাপন, প্রশ্নোত্তর পর্বে দক্ষতা এবং সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী উপস্থাপককেও পুরস্কৃত করা হবে।
সেমিনারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বগুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর কুদরাত-ই-জাহান ও বিশেষ অতিথি হিসেবে রাবি আইকিউএসি’র পরিচালক প্রফেসর মো. আবু রেজা উপস্থিত থাকবেন বলে নির্ধারিত আছে।